পারলে গ্রেপ্তার করুন: মোদীকে মমতা
সারদার অর্থ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হতে পারেন এমন গুঞ্জনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনায় শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পর এই চ্যালেঞ্জ দেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা।
কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি মদনকে এখন এসএসকেএম-এ দেখতে যাব। নরেন্দ্র মোদীর কতো পুলিশ আছে, অমিত শাহ এর কতো গুণ্ডা আছে দেখব। আমাকে গ্রেপ্তার করে দেখাও।”
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) ক্ষমতাসীন বিজেপি সরকারের ‘রাজনৈতিক অস্ত্র’ হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।
তিনি বলেন, “মদন মিত্রের গ্রেপ্তার রাজনৈতিক প্রতিহিংসার নির্লজ্জ ফসল।”
মমতা বলেন, সম্প্রতি কলকাতায় এক সমাবেশে বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, তৃণমূলের একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হবে।
“এর পরই সিবিআই মদন মিত্রকে নোটিশ পাঠায়। এটা কোনো তদন্ত নয়, এটা প্রতিহিংসার রাজনীতি।”
শিগগিরই তৃণমূল শিবিরের শীর্ষ পর্যায়ের আরো নেতারা গ্রেপ্তার হতে পারেন বলে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যেই একথা বলেন মমতা।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, “সারা দেশ থেকে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে। সারা ভারতে যারা বিজেপির বিরুদ্ধে লড়বে আমরা সেই সব দলের সঙ্গে আছি।”
মদনের পরে তৃণমূলের কোন নেতা সিবিআইয়ের নিরাপত্তা হেফাজতে যাচ্ছেন তা নিয়ে গণমাধ্যমে জল্পনা-কল্পনা চলার মধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় রাজপথে বিক্ষোভ করেছেন মমতার সমর্থকরা।
কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও বিক্ষোভের কারণে ওই সব এলাকায় যানবাহন চলাচল বিঘ্ন ঘটায় নগরবাসীর ভোগান্তি হয়েছে।
সিবিআই কর্মকর্তারা বলছেন, সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের’ জবাব দিতে ব্যর্থ হওয়ায় মমতার তৃণমূল সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়াতে প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন মদন।
নাম প্রকাশ না করার শর্তে সিবিআইয়ের এক কর্মকর্তা বলেন, “সারদার সঙ্গে তার সংযোগ এবং কোটি কোটি রুপি আত্মসাতের সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে আমাদের কাছে সন্দেহাতীত প্রমাণ আছে।”
মদন মিত্রের পর এবার মুকুল রায় ও মমতার গ্রেপ্তারের পালা বলে মনে করছেন তৃণমূলের সাবেক নেতা আসিফ খান।
ভারতের সাবেক রেলমন্ত্রী ও তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুলের মতো তৃণমূলের নেতারা ছাড়াও আসামের সাবেক স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমান্ত বিশ্বাসও এই মামলায় গ্রেপ্তার হতে পারেন।
সম্প্রতি গুয়াহাটিতে সিবিআই কর্মকর্তারা তাকে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেও সন্তোষজনক জবাব পাননি বলে খবর বেরিয়েছে।
সিবিআই বলছে, শর্মা বেশ কয়েকবার আসাম বিধান সভায় সারদা প্রধান সুদীপ্ত সেনকে বাঁচানোর চেষ্টা করেছেন বলে তাদের হাতে প্রমাণ আছে।
