২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাতাল বন্ধ্যাকরণ ডাক্তার বরখাস্ত

ভারতের হিমাচল প্রদেশে এক ডাক্তারকে মাতাল অবস্থায় নারীদের বন্ধ্যাকরণ অপারেশন করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 07:28 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

বুধবার পাঁচ নারীর অস্ত্রোপচার শেষে ষষ্ঠজনকে অস্ত্রোপচারের জন্য অচেতন করার পর এই ডাক্তার ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ আছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে মাত্র গত মাসেই ভারতের ছত্তিশগড়ে বন্ধ্যাকরণ অপারেশনের সময় ১৫ জন নারী মারা যান। অস্ত্রোপচারের পরে দেয়া অষুধগুলোতেই সমস্যা থাকার কারণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

কর্তৃপক্ষ জানিয়েছে হিমাচলের ঘটনাটি ঘটেছে সেরাজ উপত্যকায়। সেখানে ৬০ জন নারী ফ্রি বন্ধ্যাকরণ চিকিৎসার জন্য নাম নিবন্ধন করিয়েছিলেন।

সেখানেই ওই ডাক্তার মদ্যপ অবস্থায় পর পর পাঁচ নারীর স্টেরিলাইজেশন অপারেশন করেন। ষষ্ঠজনের অচেতন করে অপারেশনের জন্য প্রস্তুত করার পর ডাক্তার আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। অপারেশন টেবিলে রোগীকে রেখেই তিনি ঘুমাতে চলে যান। পরে ওই নারীর পরিবারের সদস্যরা তাকে অপারেশন থিয়েটার থেকে বাড়ি নিয়ে যান।

তবে ঊর্ধ্বতন রাজ্য কর্মকর্তা বিনীত চৌধুরি জানান, ওই ডাক্তার মাতাল অবস্থায় যে পাঁচজনের অপারেশন করেছেন তারা সবাই ভালো আছেন। তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।