২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো এক বখাটেকে পিটিয়েছে হরিয়ানার দুই বোন

হরিয়ানা রাজ্যে চলন্ত বাসে উত্ত্যক্ত করায় কলেজছাত্রী দুই বোনের সাহসী প্রতিরোধের ঘটনার দুই দিনের মাথায় আরো একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে দেখা যায় দুই বোন পার্কে এক বখাটেকে পেটাচ্ছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:44 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

বুধবার দেশটির গণমাধ্যম এনডিটিভি নতুন ভিডিওটি প্রকাশ করে।

দুই বোন এনডিটিভিকে জানিয়েছে, পার্কে ওই উত্যক্তকারীকে পেটানোর ঘটনাটি এক মাস আগের। সম্ভবত কোন এক প্রত্যক্ষদর্শী তার মোবাইলে ভিডিও করে রাখে।

চলন্ত বাসের ঘটনাটি প্রকাশ হওয়ার পর আলোচনায় উঠে আসা দুই বোনকে চিনতে পেরে ওই ব্যক্তি ভিডিওটি ছেড়ে দেয়।

বখাটেদের পেটানো দুই বোন আরতী (২২) ও পুজা কুমার (১৯) বিএসসি শেষ বর্ষের ছাত্রী।

দ্বিতীয় দফায় ভিডিও প্রকাশের পর বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে এই দুই বোনের ক্ষেত্রেই কেন এমন হয়।

জোড়ালো কৈফিয়তে পূজার মন্তব্য, “আরো ভিডিও বেরিয়ে আসবে। আমার বয়স ১৯, এ পর্যন্ত আমি অন্তত দুই হাজার বখাটের উত্যক্তের শিকার হয়েছি, যেখানেই আমি সুযোগ পাই আমি তাদের ধরে পেটাই।”

নতুন ভিডিওতে দেখা যায়, পার্কে হেঁটে যাওয়ার সময় বাজে মন্তব্য করা এক যুবককে এলোপাতাড়িভাবে পেটাচ্ছে তারা। এক পর্যায়ে দুই বোনের পিটুনি খেয়ে দৌড়ে পালায় ওই বখাটে।

এই ভিডিওতেও দেখা যায় আশপাশের কোন লোকই ওই উত্যক্তকারীকে কিছু বলছেনা।

এর আগে ৩০ নভেম্বর প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, দুই তরুণী ও এক যুবকের মধ্যে মারামারি চলছে। একবোন ট্রাউজারের বেল্ট খুলে যুবকটিকে আঘাত করে। ওই যুবকের দুই সহযোগীকেও ভিডিওতে দেখা যায়।

বাসের মধ্যে ওই যুবকরা দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদ করতে গেলে সে তাদের গায়ে হাতও তোলে। এরপর দুই বোন তিন যুবকের সঙ্গে মারামারিতে জড়ায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বোনের সাহসিকতার ভূয়সী প্রশংসার পাশাপাশি বাসে থাকা অন্য যাত্রীদের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করা হয়।

ভারতে একের পর এক ধর্ষণের ঘটনার মধ্যেই দুই বোনের এই প্রতিরোধের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় উত্যক্তকারী তিন যুবক কুলদীপ, মোথি ও দীপককে রোববার রাতে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

এদিকে, হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এমএল খাত্তার ঘোষণা দিয়েছেন, সাহসী ওই দুই বোনকে ৩১ হাজার রুপি পুরস্কার হিসেবে দেয়া হবে।

দুই সহোদরাকে আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসেও সম্মানিত করা হবে।