ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১৩ পুলিশ নিহত
ভারতে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের(সিআরপিএফ)১৩ জওয়ান নিহত হয়েছে।
এ বছর মাওবাদীদের এটিই সবচে বড় হামলা বলে জানিয়েছেন রাজ্যের এক পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, সোমবার জওয়ানরা সুকমার প্রত্যন্ত একটি জঙ্গলে টহল দেয়ার সময় এ হামলা হয়।
মাওবাদীদের আস্তানায় জওয়ানরা হানা দিলে তারা চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে এবং গ্রামবাসীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে অতর্কিতে হামলা চালায়।
গত দু’মাস ধরে এ এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
ছত্তিশগড়ে প্রায়ই মাওবাদী হামলা হয়। গত মার্চেও মাওবাদীরা এ ধরনের একটি হামলা চালায়। এর আগে ২০১৩ সালের মে মাসে সুকমায় কংগ্রেস নেতা ও দলীয় কর্মীদের একটি গাড়িবহরে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ রাজনীতিবিদসহ ২৭ জনকে হত্যা করে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহী তৎপরতাকে দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীন হুমকি বলে বর্ণনা করেছিলেন।
