২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলে ভারতীয় এমপি কুণালের আত্মহত্যার চেষ্টা

ভারতে পশ্চিমবঙ্গের বহিষ্কৃত তৃণমূল এমপি কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 04:00 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

তারা জানায়, পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য কুণাল ঘোষ শুক্রবার কলকাতার প্রেসিডেন্সি কারাগারে নিজের সেলে বেশকিছু ঘুমের ওষুধ খেয়েছেন। কারা সেল থেকে ৫৮ টি ঘুমের ওষুধ উদ্ধার করার কথা জানিয়েছে জেলের কয়েক সূত্র।

আশঙ্কাজনক অবস্থায় কুণালকে কলকাতার এসএসকেএম হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

সারদা-কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। গত বছর ২৩ নভেম্বরে সারদা-কাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ কাণ্ডে জড়িত প্রভাবশালীদের নিয়ে বরাবরই সরব ছিলেন কুণাল।

তিন দিন আগে নগর দায়রা আদালতের এজলাসে দাঁড়িয়ে কুণাল প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে সারদা কেলেঙ্কারিতে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আত্মহত্যা করবেন তিনি।

এরপরও কেন জেল কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরকম উচ্চপর্যায়ের একজন বন্দিকে যথেষ্ট নিরাপত্তা দেয়া হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেইসঙ্গে তিনি নিজে ওষুধ খেয়েছেন, নাকি জেল কর্তৃপক্ষই তাকে ওষুধ খাইয়েছে প্রশ্ন উঠেছে সেটি নিয়েও।

কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টা করায় প্রেসিডেন্সি জেলের সুপার ও কুণালের সেলের দায়িত্বে থাকা কারারক্ষীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।