মোদীর মন্ত্রিসভার মন্ত্রীর বিরুদ্ধে সার্টিফিকেট জালের মামলা
নরেন্দ্র মোদীর বর্ধিত মন্ত্রিসভায় জুনিয়র শিক্ষামন্ত্রী হিসেবে শপথগ্রহণ করা অধ্যাপক আরএস কাথেরিয়ার বিরুদ্ধে সাটিফিকেট ‘জাল’ করার মামলা হয়েছে।
রোববার মন্ত্রী হিসেবে শপথ নেয়া কাথেরিয়ার বিরুদ্ধে আগ্রা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের একটি চাকরি নেয়ার জন্য জাল নম্বরপত্র ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে এনডিটিভি।
আসছে ১১ দিন পর কাথেরিয়ার বিরুদ্ধে আনা এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।
অভিযোগে বলা হয়েছে, ক্যাথেরিয়া তার ব্যাচেলর অব আর্টস’র দ্বিতীয় বর্ষের নম্বরপত্রে হিন্দি সাহিত্যে ৪৩ এবং ইংরেজি ভাষায় ৪২ নম্বর পেয়েছিলেন। কিন্তু তার জাল নম্বরপত্রে হিন্দি সাহিত্যে তিনি ৫৩ নম্বর এবং ইংরেজি ভাষায় ৫২ নম্বর পেয়েছেন বলে দেখানো হয়েছে।
কাথেরিয়ার বিরুদ্ধে মাস্টার্সের দ্বিতীয় বর্ষের সাহিত্য রচনার নীতি বিষয়ের নম্বর জাল করার অভিযোগ উঠেছে। ওই বিষয়ে তিনি ৩৮ নম্বর পেলেও জাল সার্টিফিকেটে এই বিষয়ে নম্বর ৭২ দেখানো হয়েছে।
২০০৯ সালের জাতীয় নির্বাচনে তার কাছে পরাজিত বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী রাজনৈতিক প্রতিহিংসাবশত মামলাটি করেছেন বলে এনডিটিভি’র কাছে দাবি করেছেন কাথেরিয়া।
অধ্যাপক কাথেরিয়ার বিরুদ্ধে ভারতীয় আইনের ৪২০ ধারায় প্রতারণা ও অসততার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে মন্ত্রিত্বসহ সংসদ সদস্যপদ হারাবেন কাথেরিয়া এবং সাজা ভোগের পরবর্তী কয়েক বছর নির্বাচনেও দাঁড়াতে পারবেন না।
উত্তর প্রদেশের আগ্রা থেকে নির্বাচিত বিজেপি’র এই সাংসদের বিরুদ্ধে ২১ মামলা আছে। এই মামলাটি সেগুলোর মধ্যে একটি মাত্র।
