কাশ্মীরে ভুয়া সংঘর্ষে ৭ সেনার যাবজ্জীবন কারাদণ্ড
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভুয়া সংঘর্ষে ৩ তরুণকে হত্যার অভিযোগে ৭ ভারতীয় সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত।
২০১০ সালের এপ্রিলে কাশ্মীরের বারামুলা জেলার নাদিহালের তিন তরুণ মুহম্মদ শফি, শেহজাদ আহমেদ ও রিয়াজ আহমেদকে নিয়ন্ত্রণরেখার কাছে গুলি করে মারা হয়।
ওই তিনজনকে ভারতীয় সেনারা অর্থ ও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পরে পাকিস্তানের সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তের কাছে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
ভারতীয় সেনারা ওই সময় নিহতদের পরিচয় নিয়ে মিথ্যাচার করে। তারা বলেছিল, নিহতরা পাকিস্তানি জঙ্গি। এ হত্যাকাণ্ড নিয়ে ওই সময় কাশ্মীর উপত্যকায় রক্তক্ষয়ী বিক্ষোভও হয়।
বৃহস্পতিবার সামরিক আদালতের বিচারে ওই হত্যাকাণ্ডেই ৭ সেনাকে দোষী সাব্যস্ত করা হয়। এদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা।
কাশ্মীরের মূখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেনাদের এ শাস্তিকে স্বাগত জানিয়ে একে কাশ্মীরের ইতিহাসের ‘সন্ধিক্ষণ’ বলে বর্ণনা করেন।
টুইটার বার্তায় আবদুল্লাহ বলেন, “কশ্মীরের কেউ ভাবতেই পারেনি এ ধরনের মামলায় সুবিচার পাওয়া সম্ভব।”
২০১০ সালের ৩০ এপ্রিল ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, নিয়ন্ত্রণ রেখার কাছে তিনজন ‘পাকিস্তানি অনুপ্রবেশকারীকে’ হত্যা করেছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এ দাবির বিপক্ষে তীব্র প্রতিবাদ শুরু করে। তারা অভিযোগ করে, সেনাবাহিনী ‘ভুয়া এনকাউন্টার’ করেছে এবং যাদের হত্যা করেছে তারা স্থানীয় গ্রামবাসী।
স্থানীয়দের বিক্ষোভের মুখে সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেয়া হয় এবং শেষ পর্যন্ত সামরিক আদালতে হত্যাকাণ্ডে জড়িত ছয় সেনা সদস্যের বিচার করা হয়।
