২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে বন্ধ্যাকরণে মৃত্যুর ঘটনায় চিকিৎসক গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি উদ্যোগে পরিচালিত বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারে ১৫ নারীর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক আর কে গুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 05:58 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

গুপ্ত ও তার সহযোগী মিলে শনি এবং সোমবারে দুটো বন্ধ্যাকরণ শিবিরে ১৩০ জনের অস্ত্রোপচার করেছেন।

বিলাসপুরের প্রথম বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারের পর ১৪ জন এবং দ্বিতীয় শিবিরে একজন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ৯০ জনেরও বেশি নারী এখনো হাসপাতালে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

অস্ত্রোপচারের পর নারী মৃত্যু বাড়তে থাকার প্রতিবাদে রাজ্যে এরই মধ্যে বিক্ষোভ হয়েছে। কি কারণে মৃত্যু ঘটছে তা এখনো পরিষ্কার জানা যায়নি।

তবে চিকিৎসক গুপ্ত নারী মৃত্যুর জন্য প্রশাসনকেই দায়ী করেছেন। পুলিশ বুধবার রাতে তাকে জেরা করতে নিয়ে গেলে তিনি বলেন, প্রশাসনের চাপের মুখে অস্ত্রোপচারগুলো করতে হয়েছে। তাছাড়া, অস্ত্রোপচার ভাল হলেও পরে যে অষুধগুলো দেয়া হয় তাতেই সমস্যা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত শনিবার বিলাসপুরে অস্ত্রোপচারের পর মারা যায় ১১ নারী।পরে তা আরো বেড়ে যায়। বুধবার বিলাসপুর থেকে আরেকটু দূরে গৌরেলায় আরেকটি শিবিরে এক নারীর মৃত্যু হয়।

একজন অভিজ্ঞ চিকিৎসকের হাতে এমন ঘটনা ঘটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ আছে, এই চিকিৎসক বিলাসপুরের শিবিরে মাত্র ৫ ঘন্টায় ৮৩ নারীর বন্ধ্যাকরণ অস্ত্রোপচার করেছিলেন। আর অস্ত্রোপচারের সরঞ্জামগুলো গত এপ্রিল থেকে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এ কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। তবে গুপ্ত অস্ত্রোপচারের সরঞ্জাম নিয়ে কোনো সমস্যা থাকার কথা অস্বীকার করেছেন।

ওদিকে, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারাও বন্ধ্যাকরণে নারী মৃত্যুর ঘটনায় কোনোরকম দায় অস্বীকার করেছেন।