২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৬০ শতাংশ ভারতীয় স্ত্রীকে নির্যাতন করে’

ভারতে ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ স্ত্রীকে নির্যাতন করার কথা স্বীকার করেছে। জাতিসংঘের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 10:12 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

‘দ্য ইউনাইটেড ন্যাশন্স ওয়ার্ল্ড পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এবং ওয়াশিংটন ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন উইমেন’ ভারতের সাতটি রাজ্যের ১৮ থেকে ৪৯ বছর বয়সী ৯,২০৫ জন পুরুষের ওপর এ গবেষণা চালিয়েছে।

সংগঠন দুইটি ওই ব্যক্তিদের পুরুষ হওয়ার দম্ভ, স্ত্রীর ওপর নির্যাতন এবং ছেলে সন্তানকে অগ্রাধিকার দেয়ার মানসিকতা নিয়ে গবেষণা চালিয়েছে।

স্ত্রীর ওপর নির্যাতন নানাভাবে হয়। এটি হতে পারে মানসিক, শারীরিক, যৌন নির্যাতন, বা আর্থিক কারণে নির্যাতন।

প্রতিবেদনে বলা হয়, “ভারতের অনেক পুরুষের এ ধরনের আচরণের কারণ নিশ্চিত ভাবেই আদিকাল থেকে তাদের পুরুষ হিসেবে অগ্রাধিকার পাওয়ার মানসিকতা, সামাজিক-অর্থনৈতিক বৈশিষ্ট্য ও ছোটবেলার অভিজ্ঞতার ওপর নির্ভরশীল”।

“আবার যেসব পুরুষ অর্থকষ্টে থাকে তারা সাধারণত স্ত্রীকে নির্যাতন করে বেশি। পুরুষত্বের রেওয়াজের কারণে সম্ভবত তারা এটি করে থাকে। প্রচলিত ধারণা অনুযায়ী, পুরুষদেরকেই তার পরিবারের জন্য আয়ের প্রাথমিক উৎস হিসাবে দেখা হয়।”

উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উড়িষ্যা, মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রে গবেষণাটি চালানো হয়।

গবেষণায় দেখা যায়, যেসব পুরুষ শৈশবে বৈষম্যের শিকার হয়েছে পরবর্তী জীবনে তারা তাদের স্ত্রীদের ওপর অন্যদের তুলনায় প্রায় চারগুণ বেশি নির্যাতন করে।

গবেষণায় উড়িষ্যা ও উত্তর প্রদেশে নির্যাতনের হার সবচেয়ে বেশি দেখা গেছে। ওই দুই রাজ্যের ৭০ শতাংশের বেশি পুরুষ তাদের স্ত্রী বা জীবনসঙ্গীকে নির্যাতন করে।

ভারতের জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (এনসিআরবি) তথ্যানুযায়ী, ২০১৩ সালে ভারতে সংগঠিত সব ধরনের অপরাধের মধ্যে ৩৮ শতাংশের বেশি ঘটনায় নির্যাতনের শিকার হয়েছে নারী। সাধারণত স্বামী বা তার পরিবারের লোকজনই নারীদের বেশি নির্যাতন করেছে।