পশ্চিমবঙ্গে আবার বোমা বিস্ফোরণ, আহত ২
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় দুটি বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা পুলিশ।
বর্ধমানে ২ অক্টোবর বিস্ফোরিত বোমার তদন্ত চলার সময়ই রাজ্যটিতে আরো দুটি বিস্ফোরণের ঘটনা ঘটল।
মালদহের হাতিচাপা গ্রামের একটি বাড়িতে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে দুজন আহত হন।
এরপর বর্ধমানের শমশেরগঞ্জের একটি বাড়িতে অপর বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ উড়ে গেলেও কেউ হতাহত হননি।
পুলিশ বলছে, ঘরে তৈরি করা মজুদ বোমা সরানোর সময় এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মালদহের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “বুধবার সন্ধ্যার দিকে হাতিচাপা গ্রামের বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই ঘটনায় দুজন আহত হয়েছেন। আমরা সেখানে পৌঁছানোর আগেই আহতদের সরিয়ে নেয়া হয়। এ বিস্ফোরণে আরো কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আমাদের সন্দেহ।”
পুলিশ জানিয়েছে, “বর্ধমানের বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হওয়ার কারণে সমাজবিরোধী ও অপরাধীরা যারা এ ধরনের ঘরে তৈরি বোমা মজুদ করে রাখে, তারা সেসব বোমা অকেজো করার সময়ই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”
ভারতের ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি” (এনআইএ) বর্ধমানের খাগড়াগড়ে ঘটা বিস্ফোরণের তদন্ত করছে। ওই বিস্ফোরণে দুইজঙ্গি নিহত হয়েছেন।
