পাকিস্তানে মিলিশিয়াদের ওপর বোমা হামলা, নিহত ৭
পাকিস্তানে সরকারপন্থি মিলিশিয়াদের ওপর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে।
বুধবার আফগান সীমান্তবর্তী তিরাহ ভ্যালি এলাকায় এ হামলায় বেশ কয়েকজন আহতও হয় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তিরাহ ভ্যালিতে সরকারি বাহিনী কয়েক বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। গত জুলাইয়ে পাকিস্তানের ওয়াজিরিস্তানে জঙ্গিদের ওপর সেনাবাহিনীর অভিযান শুরুর পর দলে দলে জঙ্গিরা তিরাহ ভ্যালিতে পাড়ি জমায়।
স্থানীয় একজন পশতুন নেতা জানান, ওই এলাকায় স্থানীয় আদিবাসীদের সঙ্গে শান্তি কমিটির বৈঠক চলাকালে আত্মঘাতী এক হামলাকারী সেখানে আকস্মিকভাবে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায়।
কোনো পক্ষ ওই হামলার দায় স্বীকার করেনি। তবে বোমায় আক্রান্তরা পাকিস্তান তালেবানের প্রতিপক্ষ। তালেবানরাই বিভিন্ন সময়ে এ ধরনের হামলা চালিয়ে থাকে।
