দিল্লিতে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৫
দিল্লিতে চার বছর আগের আলোচিত আরেক ধর্ষণকাণ্ডের দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যদিয়ে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছে ভারতের একটি আদালত।
২০১০ সালে দিল্লির একটি কল সেন্টারে কর্মরত ৩০ বছর বয়সী এক নারী কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে অপহৃত ও পরে গণধর্ষণের শিকার হন।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনা তদন্তে ২৫ সদস্যের একটি পুলিশি তদন্ত দল গঠন করা হয়েছিল। ধর্ষণকারীদের চিহ্নিত করতে প্রায় পাঁচশ মানুষকে জিজ্ঞাসাবাদ ও কয়েক হাজার পিকআপ ভ্যানে তল্লাশি চালায় পুলিশ।
ট্যাক্সিক্যাবে কর্মস্থল থেকে বাসার সামনে নামার পর অপহরণকারীরা ওই নারীকে ধরে নিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি পিকআপ ভ্যানে রেখে ধর্ষণ করে। ওই নারীর সঙ্গে থাকা তার আরেক সহকর্মী তখন পালিয়ে রক্ষা পেয়েছিলেন।
ভারতে নারীর ওপর যৌন সহিংসতা মাত্রা ছাড়িয়ে গেছে। ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের শিকার এক মেডিকেল শিক্ষার্থী মারা যাওয়ার পর ভারত জুড়ে ধর্ষণ বিরোধী প্রতিবাদের ঝড় ওঠে। ধর্ষণের অপরাধ দমনে আইনে কঠোরতা আনে সরকার।
প্রতিবছর শত শত ধর্ষণের ঘটনা ঘটে ভারতের রাজধানী নয়া দিল্লিতে। সে কারণে দিল্লিকে ‘ভারতের ধর্ষণের রাজধানী’ বলা হচ্ছে। তবে দেশটির অন্যান্য এলাকায়ও ধর্ষণের ঘটনা দিল্লির চেয়ে কম নয়।
মঙ্গলবার বিচারক বীরেন্দর ভাট দীর্ঘ শুনানির ইতি টেনে পাঁচজনকে চার বছর আগের ধর্ষণকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করেন। আগামী শুক্রবার মামলাটির চূড়ান্ত রায় হতে পারে বলেও জানান তিনি।
ধর্ষণের শিকার ও ধর্ষণের হাত থেকে বেঁচে যাওয়া দুই নারী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম প্রদেশের বাসিন্দা। ধর্ষণের ঘটনায় মিজোরামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। দিল্লিতেও ওই ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিল শিক্ষার্থীরা।
