মুখপাত্রের পদ থেকে থারুরকে সরাল কংগ্রেস
দলীয় মুখপাত্রের পদ থেকে শশী থারুরকে সরিয়েছে ভারতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে দল।
‘ভারত পরিচ্ছন্নতা অভিযান’ নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় থারুরের পঞ্চমুখ হওয়ার বিষয়টি নিয়ে কেরল প্রদেশ কংগ্রেস কমিটির অভিযোগ আসার পর তাকে মুখপাত্রের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ‘দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’(এআইসিসি)।
ভারত পরিচ্ছন্নতা প্রকল্পে মোদীর মনোনীত নয়জনের মধ্যে আছেন থারুরও। লোকসভা নির্বাচনে জিতে তিরুঅন্তপুরম আসনে জিতে সাংসদ হন থারুর।
মোদীর প্রশংসা করে আগেই দলের একাংশের রোষে পড়ার পরও মোদীর আমন্ত্রণে পরিচ্ছন্নতা প্রকল্পে সামিল হন তিনি। মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময়ও তার প্রশংসা করেন থারুর।
আর এ নিয়ে কংগ্রেস নেতাদের সমালোচনার শিকার হতে হয়েছে থারুরকে। ফলে গোটা বিষয়টাকে ভালোভাবে নেননি দলের কেরল কমিটির নেতারা।
কংগ্রেসের সূত্র জানায়, থারুরের বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে, তার মন্তব্যে হতাশ কেরলের দলীয় কর্মী-সমর্থকরা।
এরপর তার বিরুদ্ধে কয়েকটি সুপারিশ করে কেরল কংগ্রেস কমিটি দলের হাইকমান্ডের কাছে লিখিত প্রতিবেদন জমা দিলে সেই সুপারিশগুলো মেনে নেন সভানেত্রী সোনিয়া গান্ধী।
তারপরই মুখপাত্রের পদ থেকে থারুরকে সরানোর সিদ্ধান্ত নেয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। তিন সদস্যের এ কমিটিতে ছিলেন মোতিলাল ভোরা, এ কে এন্টনি এবং সুশীলকুমার শিন্ডে।
থারুর কমিটির সিদ্ধান্ত মেনে নিলেও নিজের বক্তব্য পেশের কোনো সুযোগ তাকে দেয়া হয়নি বলে আক্ষেপ করেছেন।
ওদিকে, গোটা বিষয়টিকে নিয়ে কংগেসকে একহাত নেয়ার সুযোগ ছাড়েনি ভারতীয় জনতা পার্টিও (বিজেপি)। থারুরকে সরানোর সিদ্ধান্তকে দলের অভ্যন্তরীণ বিষয় বললেও দলটি ‘অসহিষ্ণু’ বলেও কটাক্ষ করেছেন বিজেপি’র মুখপাত্র সিদ্ধার্থনাথ সিংহ।
