২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল হয়ে আসছে হুদ হুদ

ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আঘাত হানার পর ক্রমশঃ দুর্বল হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় হুদ হুদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 09:20 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পুরনো খবর:

অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে হুদ হুদ

রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিশাখাপত্তমের কৈলাসগিরি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে হুদ হুদ। প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃতি নিয়ে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকে।

প্রবল বাতাস আর বৃষ্টিপাতে এলাকার অনেক দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এছাড়া, সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড়ের কারণে অন্ধ্র প্রদেশে তিনজন এবং উড়িষ্যায় তিনজন নিহত হয়েছে বলে বিবিসি’র খবরে জানানো হয়েছে।

উড়িষ্যা উপকূলে বাতাসের তীব্রতা তুলনামূলক কম থাকলেও সেখানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বলে এনডিটি জানিয়েছে।

বিশাখাপত্তম এলাকার সরকারি কর্মকর্তা এন যুবরাজ বলেন, “স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিশাখাপত্তম এলাকায় ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানে।

ঘূর্ণিঝড়ের সঙ্গে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা থেকে চার লাখ মানুষকে আগেই সরিয়ে নেয় ভারত সরকার। প্রবল বৃষ্টিতে দৃষ্টিসীমা ৫শ’ মিটারের নিচে নেমে আসায় বেশ কয়েকটি বিমান ও ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আগেই বলেছিল, স্থলভাগে আঘাত হানার পর আরো ছয় ঘণ্টা তাণ্ডব চালাতে পারে হুদ হুদ এবং পরবর্তী ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।