২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধমানকাণ্ডের কাউসার বাংলাদেশে!

বধর্মান বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন শেখ কাওসার পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন বলে সন্দেহ করছেন ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 07:00 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

তদন্তের সঙ্গে যুক্ত এনআইএ'র একজন কর্মকর্তা জানান, “আমরা তার গতিপথ চিহ্নিত করেছি। ২ অক্টোবরে বিস্ফোরণের পর সারাদিন কাওসার বর্ধমানেই ছিল। এরপর আমিনা বিবির কাছ থেকে একটি ফোন পেয়ে পরদিন বর্ধমানের ভাতার উপজেলায় সটকে পড়েন।

“পরে সীমান্তবর্তী নদিয়া জেলার হাকিমপুর হয়ে কাওসার বাংলাদেশে ঢুকে পড়েন।”

ভারতীয় পুলিশের জিম্মায় থাকা কাওসারের শ্যালক খোদর গাজীর কাছ থেকে এনআইএ একটি ‘গুরুত্বপূর্ণ ডায়েরি’ উদ্ধার করেছে, যাতে প্রায় ১৫০ জনের টেলিফোন নম্বর রয়েছে।

এনআইএ কর্মকর্তারা বলছেন, বর্ধমানে ‘বোমা কারিগরদের’ সঙ্গে বাংলাদেশের জেমবির যোগাযোগের মাধ্যম ছিলেন আসামের একজন চিকিৎসক।

"ওই চিকিৎসক জেএমবির কাছ থেকে টাকা পেতেন। কাওসারের ছেলেরা সেই টাকা সংগ্রহ করে বর্ধমানে পৌঁছে দিত।"

ওই চিকিৎসকের নাম পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করেননি এনআইএ কর্মকর্তারা।  তারা বলছেন, ওই চিকিৎসকের কাছে টাকা আসতো সিলেটে কাজ করা এক জেএমবি সদস্যের কাছ থেকে।

চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া তিন জঙ্গির দুজন ভারতে গিয়ে আসামের কোনো এক স্থানে বোমা তৈরির কারখানা খুলেছে বলেও অসমর্থিত সূত্রে জানতে পেরেছে এনআইএ, যা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

“এটা এপাড়-ওপাড় খেলা। বাংলাদেশে যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, এই জঙ্গিরা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। আর এখন বর্ধমানের ঘটনার পর এখানে থাকাও যেহেতু কঠিন হয়ে পড়েছে, কাওসার হয়তো বাংলাদেশে পালিয়েছে। সীমান্ত এলাকা তারা সরকারি বাহিনীর চেয়েও ভাল চেনে।”

বিস্ফোরণের ঘটনার তদন্ত নিয়ে গত শনিবার বর্ধমান পুলিশের এসপি এসএমএইচ মির্জাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনআইএ।

এনআইএ-এর ওই কর্মকর্তা বলেন, "আমরা তাকে জিজ্ঞেস করেছি বিস্ফোরণস্থলে এনআইএ টিমকে যেতে তিনি কেন বাধা দিলেন। ওই বাসা থেকে যেসব বিস্ফোরক উদ্ধার করা হলো, সেগুলো ফাটিয়ে দেওয়া হলো কেন।”

এনআইএর অভিযোগ, বিস্ফোরণের পর আইজিপি সঞ্জিব কুমার সিং ও এসপি বিক্রম কারাটের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশ যে তদন্ত চালায়, তাতে রহস্য উদঘাটনের চেয়ে ঘটনা চাপা দিতে সহায়তা করা হয়েছে বেশি। 

গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে ওই বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হন, যারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য বলে ভারতীয় গোয়েন্দোদের সন্দেহ।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই নারীর একজন নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, তারা গত তিন মাসে চার দফা বাহকের মাধ্যমে বাংলাদেশে বোমা পাঠিয়েছেন। ওই দিনও বাংলাদেশে পাঠানোর জন্য বোমা বানাতে গিয়েই বিস্ফোরণ ঘটে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।