জয়ললিতার জামিন নাকচ
আইনজীবীদের বক্তব্য নিয়ে চরম নাটকীয়তার পর ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিন নাকচ করে দিয়েছে আদালত।
ব্যাঙ্গালুরুর কর্নাটক হাই কোর্ট মঙ্গলবার এক আদেশে বলেছে, জয়ললিতার শাস্তি স্থগিত করার ‘কোনো উপযুক্ত কারণ’ খুঁজে পাওয়া যায়নি।
দুর্নীতির অভিযোগে গত মাসে জয়ললিতার চার বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি তাকে ১০০ কোটি রুপি জরিমানাও করে আদালত।
জামিন নাকচের আদেশে বিচারক এভি চন্দ্রশেখর বলেন, “যে দুর্নীতি অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি করে সেটা মানবাধিকার লঙ্ঘনের সামিল।”
বিচারক বলেন, জয়ললিতা একটি রাজ্যের ‘সর্বোচ্চ পদে’ অধিষ্ঠত থেকেও ‘গুরুতর অপরাধ’ করেছেন, যা কোনোভাবেই ‘ছোটখাট অন্যায় নয়।”
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জয়ললিতার জামিন আবেদন যে নাকচ হবে তা আগেই অনুমান করেছিলেন ভারতের অধিকাংশ পর্যবেক্ষক।
জয়ললিতার আইনজীবীরা জামিনের আবেদন করার পর বাদীপক্ষ তার বিরোধিতায় আদালতে লিখিত আবেদন করে। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই সেই আবেদন বাদীপক্ষ প্রত্যাহার করে নিলে শুরু হয় নাটকীয়তা।
জয়ললিতার আইনজীবীরা এ সময় দুই আঙুলে বিজয় চিহ্ন দেখিয়ে হাসিমুখে বাইরে বেরিয়ে আসেন এবং সমর্থকরা আদালতে উল্লাস শুরু করেন।
তাদের এই আচরণে অনেকেই ধরের নেন- আদালত জয়ললিতাকে জামিন দিয়েছে। তবে শেষ পর্যন্ত বিচারক চন্দ্রশেখর জামিন আবেদন নাকচ করে দিলে জয়ললিতার সমর্থকরা বুক চাপড়ে শোক প্রকাশ করতে থাকে।
এক কোটি ডলারের অবৈধ সম্পদ রাখার অভিযোগে ১৮ বছর আগে জয়ললিতার বিরুদ্ধে মামলাটি করেছিলেন বর্তমান বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী।
