২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী এমপি’র আঁচলে হাত মুছে ক্যামেরাবন্দি

ভারতের মধ্যপ্রদেশে একটি অনুষ্ঠানে সাবেক এক নারী এমপি’র শাড়ির আঁচলে হাত মুছতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন বর্তমান একজন এমপি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2014, 08:36 PM

Updated : 11 Jul 2022, 09:19 PM

এনডিটিভির খবরে বলা হয়, বুধবার কৃষকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সুযোগ বুঝে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও সাবেক এমপি নিতা প্যাটারিয়ার আঁচলে তৈলাক্ত হাত মোছেন বর্তমান স্বতন্ত্র আইনপ্রণেতা দিনেশ রায়।

এ দৃশ্য দেখে হাসাহাসি শুরু করেন উপস্থিত কৃষক ও দর্শকরা। নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হলেও নিতাকে ভাবী সমতুল্য দাবি করে তার সঙ্গে ঠা্ট্টাচ্ছলে এমনটি করেছিলেন বলে দাবি করেন দিনেশ।

প্রথম দিকে বিষয়টিকে হালকাভাবে নিলেও স্থানীয় টিভিতে বার বার হাত মোছার দৃশ্য প্রচারের পর এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন ৫১ বছর বয়সী নিতা।

কৃষকদের ওই অনুষ্ঠানে আলোক প্রজ্জলনের সময় হাতে তেল লেগেছিল ৪৪ বছর বয়সী বর্তমান এমপি দিনেশের। সেই তেলই তিনি নিতার আঁচলে মুছেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

টিভিতে ওই দৃশ্য প্রচারের পর সাবেক বিজেপি এমপি নিতাকে ফোন করেন দিনেশ। ঘটনার জন্য ক্ষমাও চান তিনি।

স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, “তিনি (নিতা) আমার ভাবীর মতো। আমি মজা করার জন্য এমনটি করেছি”।

ঘটনাটি তার দলীয় ফোরামে জানানো হয়েছে এবং রাজ্য সরকার এ নিয়ে আইনি ব্যবস্থা নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নিতা। তার দল বিজেপি’ই মধ্যপ্রদেশের শাসনের দায়িত্বে রয়েছে।

বিগত নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিতা প্যাটারিয়া ও দ্বীনেশ রায়। ২০০৮ সালে রাজ্যসভার নির্বাচনে নিতার কাছে হেরেছিলেন দিনেশ।