২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সিন্ধু নদে নৌকা ডুবে ২১ মৃত্যু, নিখোঁজ ৩০

পাকিস্তানের সিন্ধু নদে শতাধিক আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর অন্তত ২১ আরোহীর মৃত্যু হয়েছে এবং আরও ৩০ জন নিখোঁজ রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 01:00 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি রওনা হয়েছিল, কিন্তু পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার মাচকা থানা এলাকায় সিন্ধু নদের মাঝ বরাবর প্রবল স্রোতের মধ্যে এটি ডুবে যায়।

রহিম ইয়ার খান শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে বলে ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।       

সরকারি বিবৃতিতে প্রায় ৯০ জনকে উদ্ধারের কথা জানানো হয়েছে। যাত্রীদের অধিকাংশই নারী ও শিশু ছিল বলে জানিয়েছে তারা।

নৌকাটিতে যারা ছিলেন তারা সবাই স্থানীয় সোলাঙ্গি গোষ্ঠীর এবং পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা নদী পাড়ি দিচ্ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

“আমরা এ পর্যন্ত ২১টি মৃতদেহ উদ্ধার করেছি,” জিও নিউজ টেলিভিশনকে বলেছেন স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তাসলিম।

আরও প্রায় ৩০ জন নিখোঁজ আছে বলে জানিয়েছেন তিনি।

তবে সাদিকাবাদের অতিরিক্ত কমিশনার সালিম আসাই মৃতের সংখ্যা ২৩ জন বলে জানিয়েছেন; যাদের ১৯ জন নারী ও চার জন শিশু। 

“নৌকায় ঠিক কতোজন যাত্রী ছিল তা নিশ্চিত নই আমরা। ওই পরিবারের সদস্যদের বক্তব্য থেকে একটা ধারণা পেয়েছি আমরা,” বলেছেন তাসলিম।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে প্রায় ৩৫ জন ডুবুরি অংশ নিচ্ছেন।

তবে সোমবার রাতে অন্ধকারের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়্। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান আবার শুরু হওয়ার কথা রয়েছে।  

স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, দেড়শরও বেশি বরযাত্রী নিয়ে দুটি নৌকা রওনা হয়েছিল, উভয় নৌকাই স্রোতের বিপরীতে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকার মাঝি ভারসাম্য হারিয়ে ফেলার পর সেটি ডুবে যায়।

স্থানীয় বাসিন্দারা যাদের উদ্ধার করেছেন তাদের মধ্যে বর শেহজাদ ও তার মা আছেন বলে জানিয়েছে ডন।