২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বিক্ষোভ চলাকালে সহিংসতায় ১ মৃত্যু, আহত ৮৪

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বুধবার বিক্ষোভ চলাকালে সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও ৮৪ জন আহত হয়েছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 03:36 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদুনে গ্যাস ছোড়ার পর ২৬ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসজনিত সমস্যার শিকার হয়ে মারা যান বলে জানিয়েছে বিবিসি।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। গোটাবায়া প্রতিবেশী মালদ্বীপে আশ্রয় নেওয়ার পর এখন সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরের পথে আছেন বলে খবর গণমাধ্যমের।

বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার পর জনরোষ এখন কেন্দ্রিভূত হয়েছে প্রধানমন্ত্রীর ওপর। তার দপ্তর দখল করে বুধবার দিনভর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে হাজারো জনতা।

কলম্বোর ন্যাশনাল হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভকারীদের মধ্য থেকে এবং পরে সন্ধ্যায় পার্লামেন্ট ভবনের সামনে আহত হওয়া বিক্ষোভকারীদের হাসপাতালে আনা হয়েছে।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

কলম্বোতে ‍বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর দপ্তরের গেটগুলো ভাঙ্গতে উদ্যত হলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, তারপরও বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করে দপ্তরটির দখল নেয়। পরে এখান থেকে তাদের একটি অংশ পার্লামেন্টের দিকে যায়।

সামরিক বাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, আহতদের মধ্যে একজন সৈন্য ও একজন পুলিশ কর্মকর্তাও আছেন। সহিংসতার সময় গুলিভর্তি একটি অ্যাসাল্ট রাইফের চুরি হয় এবং তা তখনও উদ্ধার করা যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে দেওয়া এক বিবৃতিতে দেশটির সরকার নতুন করে কারফিউ জারির কথা জানিয়েছে। নতুন এ কারফিউ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। 

স্বাধীনতার পর থেকে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে ভূগতে থাকা শ্রীলঙ্কায় ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলছে।