শ্রীলঙ্কায় সংকট: ভারতের চিনি, পেঁয়াজ রপ্তানিতে ধাক্কা
শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ভারতের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপ দেশটি ভারতের চিনি, পেঁয়াজ ও আঙ্গুর ইত্যাদি কৃষিপণ্যের অন্যতম বড় গন্তব্য ছিল।
সেখানে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর ভারতের অধিকাংশ রপ্তানিকারক বাণিজ্য স্থগিত করেন, তাদের কয়েকজন পাওনা আটকে থাকারও অভিযোগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে শ্রীলঙ্কায় ভারত ৫২০ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। দেশটিতে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য ইঞ্জিনিয়ারিং পণ্য, গুঁড়া দুধ, চিনি, পেঁয়াজ ও আঙ্গুর।
দুই দেশের মধ্যে সমুদ্র যোগাযোগ সহজ হওয়ায় সাধারণত বন্দর থেকে জাহাজে করে চালান পাঠাতো ভারতীয় রপ্তানিকারকরা।
ভারতীয় চিনির জন্য শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ বাজার। শ্রীলঙ্কার ভোক্তারা প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টন চিনি ব্যবহার করেন, এর ৯০ শতাংই ভারত থেকে রপ্তানি হয়।
অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে গত তিন মাস ধরে ভারতীয় রপ্তানিকারকরা শ্রীলঙ্কায় তাদের চালান পাঠানো বন্ধ রেখেছে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এরমধ্যে যে ঋণ দিয়েছে প্রতিবেশী দেশটি তার অধিকাংশই জ্বালানি ও খাদ্য কিনতে ব্যয় করেছে।
সঙ্কট শুরু হওয়ার পর থেকে যে আরেকটি পণ্যের শ্রীলঙ্কায় যাওয়া বন্ধ রয়েছে তা হল ভারতীয় পেঁয়াজ। ২০২১-২২ অর্থবছরে ভারত ১ দশমিক ৬২ লাখ টন পেঁয়াজ শ্রীলঙ্কায় রপ্তানি করেছিল।
ভারতের নেতৃস্থানীয় ফল ও শাকসবজি রপ্তানি ও আমদানিকারক রেইনবো ইন্টারন্যাশনালের মালিক অভিজিৎ ভাসালে জানান, যে রপ্তানিকারকরা শ্রীলঙ্কায় চালান পাঠিয়েছেন তারা এখনও তাদের প্রাপ্য অর্থ পায়নি।
তিনি বলেন, “যদি বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করি, তাহলে প্রথম দেশটি ভারতীয় পেঁয়াজের জন্য শ্রীলঙ্কার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বাজার।”
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে ভারতীয় রপ্তানিকারকরা সেখানে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয়। কিন্তু তারপর যে রপ্তানিকারকরা দেশটির সঙ্গে বাণিজ্য করেছে তারা এখনও পাওনা বুঝে পাননি বলে জানিয়েছেন ভাসালে।
