২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদে গোপন বাংকার

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভাবন ও কার্যালয় দখলে নেওয়ার পর সেখানে একটি গোপন বাংকার খুঁজে পেয়েছেন আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 08:29 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ওই বাংকারে নামার পথ খুঁজে পেলেও এর শেষ প্রান্তে থাকা মজবুত ধাতব দরজা খুলতে পারেননি।

বিক্ষোভকারীদের মধ্যে এখন জল্পনা চলছে, কী রয়েছে এর ভেতরে? অনেক বিক্ষোভকারী দাবি করেছেন, জনগণের ‘লুটের’ অর্থ ওই গোপন দরজার অন্যপাশে লুকিয়ে রেখেছেন গোটাবায়া।

শনিবার ওই ভবনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিয়ে বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের ভবনে প্রবেশ করে এবং ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে তারা সেখানে অবস্থান করছে।

সরকারবিরোধী আন্দোলনকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ও ছবি ছড়িয়েছে, যেখানে দেখা গেছে তারা ওই ভবনের বিলাসবহুল আসবাবপত্র, কামরা, সুইমিংপুলসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে দেখছেন, ছবি তুলছেন, হুল্লোড় করছেন।

এনডিটিভির প্রতিবেদনে দেখানো হয়, তাদের সাংবাদিকও গোপন ওই বাংকারের সিঁড়ি বেয়ে নিচে নেমেছেন এবং সিঁড়ির শেষ প্রান্তে একটি মজবুত ধাতব দরজার সামনে গিয়ে থেমেছেন।

প্রতিবেদনে বলা হয়, একটি নকল শেলফ দিয়ে বাংকারের প্রবেশ পথটি লুকানো ছিল। বিক্ষোভকারীরা সেটি ভেঙে ফেলায় প্রাসাদের গোপন এই অংশটি উন্মুক্ত হয়।

লিফট এবং সিঁড়ি- যে কোনোটি ব্যবহার করেই বাংকারে নামা যায়। তবে এই পথের শেষ প্রান্তের দরজাটি বন্ধ থাকায় সেখানে আর কী আছে, তা জানা এখনও সম্ভব হয়নি।

মজবুত ওই দরজা বলপ্রয়োগ করেও ভাঙতে পারেননি বিক্ষোভকারীরা, দরজার গায়ে বিভিন্ন চিহ্ন থেকে তেমন ধারণাই পেয়েছেন এনডিটিভির সাংবাদিক।

প্রাসাদে লুকানো অবস্থায় উদ্ধার করা ১ কোটি ৭৮ লাখ ৫০ হাজার শ্রীলঙ্কান রুপি (প্রায় ৫০ হাজার ডলার) সোমবারই পুলিশের কাছে হস্তান্তর করেন আন্দোলনকারীরা।

তারা এখনও ঔপনিবেশিক আমলে নির্মিত বিশাল ওই ভবনের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখছেন এবং নিজেদের বিস্ময় প্রকাশ করছেন। অনেকেই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, জীবনে এমন বিত্তবৈভবে বসবাসের কল্পনাও তারা করতে পারেননি।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে । খাদ্য, ওষুধ ও নিত্যপণ্যের আকাশচুম্বী দাম ও সরবরাহে ঘাটতি, জ্বালানি সঙ্কট, বৈদেশিক মুদ্রার অভাবে নাভীশ্বাস ওঠেছে সেদেশের জনগণের।

এর জেরে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী কয়েক মাস ধরে রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল। মে মাসে ওই আন্দোলন একবার ব্যাপক সহিংসতায় রূপ নিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়ান মাহিন্দা রাজাপাকসে। তবে আন্দোলনকারীদের দাবি ছিল প্রেসিডেন্ট গোটাবায়াকেও পদত্যাগ করতে হবে।

এরই ধারাবাহিকতায় শনিবার লাখো বিক্ষোভকারী রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের প্রাসাদে প্রবেশ করে এবং রাজধানীর অদূরে বর্তমান প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন দেয়। শনিবার রাতে প্রেসিডেন্ট গোটাবায়া পদত্যাগ করার ঘোষণা দিলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে। তবে দুই বাড়ির দখল তারা এখনও ছাড়েনি।

গত ৩১ মার্চ সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়ার ব্যক্তিগত বাড়িতে হামলা করার পর, তিনি দুই শতকের পুরানো প্রেসিডেন্ট প্যালেসে বসবাস করতে শুরু করেন।

শনিবার পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে এমন আলামত দেখার পর ৭৩ বছরের এই রাজনীতিক প্রাসাদের গোপন দরজা দিয়ে নৌসেনাদের ছত্রছায়ায় দেশের উত্তরপূর্বাংশে পালিয়ে যান বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।

সোমবার সকাল পর্যন্ত গোটাবায়ার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানা যায়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পদত্যাগ করতে প্রস্তুত, সেটা তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।