২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গম রপ্তানি বন্ধ, ভারতের চাল কিনতে হুড়োহুড়ি

আশা করা হয়েছিল গম রপ্তানি বাড়িয়ে বিশ্ববাজারে চলমান খাদ্যসংকট সমলাতে ভূমিকা রাখবে ভারত। কিন্তু দেশটির সরকার অভ্যন্তরীন বাজার স্থিতিশীল রাখার কথা বলে হঠাৎ করেই গম রপ্তানি বন্ধ ঘোষণা করে। যে কোনও দিন চালের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসতে পারে আশঙ্কায় চাল ব্যবসায়ীরা ভারত থেকে চাল কেনা অস্বাভাবিকরকম বাড়িয়ে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jun 2022, 09:33 PM

Updated : 14 Jul 2022, 06:17 PM

বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। গত ১৩ মে দেশটি তাদের গম রপ্তানি বন্ধ করার ঘোষণা দেয়। বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় ভারতের অভ্যন্তরীন বাজারে গমের দাম বেড়ে গেছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসায়ীরা ভারত থেকে ১০ লাখ টন চাল কেনার চুক্তি সই করেছে এবং চুক্তি অনুযায়ী পণ্য পাওয়া নিশ্চিত করতে তারা দ্রুত ‘লেটারস অব ক্রেডিট’ (এলসি) খুলছে।

চারজন চাল রপ্তানিকারকের বরাত দিয়ে রয়টার্স জানায়, কোনও পণ্যের জন্য এলসি খোলা হয়ে গেলে সরকার ওই পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এলসি করা পণ্য তার আওতার বাইরে থাকবে এবং ‘বায়ার’ সেই পণ্য হাতে পাবেন।

ভারতের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘সত্যম বালাজি’র নির্বাহী পরিচালক হিমাংশু আগারওয়াল বলেন, ‘‘আন্তর্জাতিক ব্যবসায়ীরা আগামী তিন থেকে চার মাসের জন্য আগাম বুকিং দিয়েছেন এবং তাদের সবাই ব্যবসায়ের ধারাবাহিকতা বজার রাখা নিশ্চিত করতে এলসি খুলে ফেলেছেন।”

স্বাভাবিক সময়ে সাধারণত ব্যবসায়ীরা চলমান এবং পরবর্তী মাসের পণ্য পাওয়া নিশ্চিত করতে চুক্তি সই করেন।

ভারত থেকে চাল কেনার এই হিড়িকে আন্তর্জাতিক বাজারে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের চালের চাহিদা আরও হ্রাস পেয়েছে। ওই দেশ দুটি যথাক্রমে বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় চাল রপ্তানিকারক দেশ। কিন্তু উভয় দেশেই ভারতের তুলনায় চালের দাম বেশি।

এ বিষয়ে ‘অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন’ এর প্রেসিডেন্ট বি. ভি. কৃষ্ণা রাও বলেন, ‘‘বিদেশি ক্রেতারা ভারতের চালের দিকে ঝুঁকছে কারণ প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভারতের চাল অনেক সস্তা।”

থাইল্যান্ড সরকারও বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছে, থাইল্যান্ড এবং ভিয়েতনাম চালের দাম নিয়ে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম না। তারা দাম সহনীয় করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।

যদি ভারত সত্যিই চাল রপ্তানি বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে চালের দাম দ্রুত বেড়ে যাবে বলে মন্তব্য করেন একটি গ্লোবাল ট্রেডিং হাউজের দিল্লি ভিত্তিক ডিলার।

তিনি বলেন, ‘‘অন্যান্য চাল রপ্তানিকারক দেশের তুলনায় ভারতের চাল ৩০ শতাংশের বেশি সস্তা। যদি ভারত চাল রপ্তানি বন্ধ করে দেয় তবে এশিয়া এবং আফ্রিকার গরিব ক্রেতাদের অনেক বেশি দাম দিয়ে চাল কিনতে বাধ্য হতে হবে।”

ভারতের সাধারণ চালের (বাসমতি নয়) মূল ক্রেতা বাংলাদেশ, চীন, বেনিন, ক্যামেরুন, নেপাল, সেনেগাল এবং টোগো। ইরান এবং সৌদি আরব ভারতের প্রিমিয়াম বাসমতি চালের প্রধান দুই ক্রেতা।

ভারত ২০২১ সালে রেকর্ড দুই কোটি ১৫ লাখ টন চাল রপ্তানি করেছে। যেখানে ভিয়েতনাম ও থাইল্যান্ড যৌথভাবে এক কোটি ২৪ লাখ টন চাল রপ্তানি করে।

কেন ক্রেতারা হুড়োহুড়ি করে ভারত থেকে চাল কিনছেন তার ব্যাখ্যায় একটি গ্লোবাল ট্রেডিং ফার্মের মুম্বাই ভিত্তিক ডিলার বলেন, নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ার পর ভারত থেকে চাল আমদানিকারক দেশগুলি আতঙ্কিত হয়ে কেনাকাটা বাড়িয়ে দেবে এটা প্রত্যাশিতই ছিল।

 কারণ, অন্য কোনও দেশের পক্ষে ভারতের চালের বিকল্প যোগানদাতা হওয়ার সম্ভব না, বলেন তিনি।