২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে শাহবাজ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় পরিষদের (পার্লামেন্ট) অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলীয় সদস্যরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2022, 05:47 PM

Updated : 02 Aug 2022, 03:21 PM

পিটিআই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করায় পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, জানিয়েছে ডন।  

প্রধানমন্ত্রীর নির্বাচনী দৌঁড়ে শাহবাজের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশি। কিন্তু কুরেশিসহ পিটিআইয়ের সব সদস্য অধিবেশন বয়কট করায় কার্যত শাহবাজের জন্য মাঠ ফাঁকা হয়ে গেল।

পিটিআইয়ের পার্লামেন্ট দলীয় এক বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি শুরু হওয়ার কয়েক মিনিট আগে পার্লামেন্ট থেকে গণপদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল ইমরানের দল। কিন্তু গণপদত্যাগ না করে তারা অধিবেশন বর্জন করে।

তবে কুরেইশি প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও পার্লামেন্টে শাহবাজের সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা করা হচ্ছিল।