২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলেঙ্গানার কাঠের গুদামে ১১ শ্রমিক জীবন্ত দগ্ধ

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গুদামে আগুন লেগে আন্তত ১১ জনের মৃত্যুর খবর এসেছে দেশটির সংবাদমাধ্যমে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 10:34 AM

Updated : 02 Aug 2022, 03:11 PM

এনডিটিভি জানিয়েছে, বুধবার ভোর রাতে তেলেঙ্গানার সিকান্দারবাদের ভোইগুড়ায় ওই গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ওই গুদামের শ্রমিক, বিহার থেকে তারা তেলেঙ্গানায় এসেছিলেন শ্রমিকের কাজ করার জন্য।

এনডিটিভি লিখেছে, দ্বিতল গুদাম ঘরে যখন আগুন লাগে, দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন ১২ জন শ্রমিক। তাদের মধ্যে একজন লাফিয়ে পড়ে প্রাণ বাঁচাতে পারলেও বাকিদের মৃত্যু হয়।  

আগুন নেভানোর পর ওই ১১ জনের পোড়া লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে ওই গুদামে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।