ক্লাসে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় কর্নাটক হাই কোর্টের
ভারতের কর্নাটক রাজ্যের উচ্চ আদালত ক্লাসে হিজাব পরা নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে। ফলে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা পাঁচটি পিটিশন খারিজ হয়ে গেছে।
মঙ্গলবার দেওয়া রায়ে রাজ্যটির উচ্চ আদালত বলেছে, হিজাব পরা বাধ্যতামূলক কোনো ধর্মীয় অনুশীলন না।
আদালতের এই রায় দেশটির বাকি অংশের জন্যও নজির স্থাপন করতে পারে বলে মন্তব্য বার্তা সংস্থা রয়টার্সের।
ক্লাসে হিজাব পরার অধিকার দাবিকারি পিটিশনকারীরা এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গত মাসে ভারতের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যটিতে ক্লাসে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল মুসলিম শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা, এর পাল্টা প্রতিবাদ করেছিল হিন্দু শিক্ষার্থীরা।
রায়ে কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থি বলেন, “আমাদের বিবেচিত মতামত হচ্ছে, মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলনের অংশ নয়।”
সরকারি আদেশটি চ্যালেঞ্জ করে করা পিটিশনগুলো খারিজ করে দিয়ে তিনি বলেন, অভিন্ন নির্দেশনা দেওয়ার ক্ষমতা সরকারের আছে।
সম্ভাব্য গোলমালের আশঙ্কায় আদালতের এই রায়ের আগে কর্নাটক সরকার এক সপ্তাহের জন্য রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজ্যের কয়েকটি অংশে স্কুল, কলেজও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ওই নিষেধাজ্ঞার বিরোধিতা করে যে শিক্ষার্থীরা আদালতে গিয়েছিলেন তারা বলেছেন, হিজাব ইসলাম ধর্মের আবশ্যকীয় অনুশীলন এবং ভারতের সংবিধান অনুযায়ী এটি তাদের মৌলিক অধিকার।
আদালতের রায় আসার পর রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, ফলে তাদের মন্তব্যও নিতে পারেনি।
কর্নাটক রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতের অন্যান্য অংশেও প্রতিবাদ হয়েছিল এবং যুক্তরাষ্ট্র ও ইসলামিক সহযোগিতা সংস্থা এর নিন্দা করেছিল।
