ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান
‘দুর্ঘটনাবশত’ ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান। ভারত কর্তৃপক্ষ ঘটনাটি অভ্যন্তরীনভাবে তদন্ত করে দেখার যে সিদ্ধান্ত নিয়েছে তা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রদপ্তর এক বিবৃতিতে বলেছে, “এমন গুরুতর একটি ঘটনায় ভারত কর্তপক্ষ সরল একটা ব্যাখ্যা দিয়েই পার পেতে পারে না। ঘটনাটিকে ঘিরে থাকা সত্যকে নির্ভুলভাবে তুলে আনার জন্য পাকিস্তান যৌথ তদন্ত চায়।”
গত শুক্রবার ভারত জানিয়েছিল, রুটিন পরীক্ষার সময় ‘কারিগরি ত্রুটির’ কারণে ভারতের একটি ক্ষেপণাস্ত্র ‘নিক্ষিপ্ত হয়ে’ ‘দুর্ঘটনাবশত’ পাকিস্তানে গিয়ে পড়েছে। সেজন্য দুঃখও প্রকাশ করেছে দিল্লি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওইদিনই এক বিবৃবি দিয়ে জানিয়েছিল, বিষয়টি তারা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভারতের ওই ক্ষেপণাস্ত্র তাদের দীর্ঘদীনের শত্রুদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পড়ে বুধবার। তবে ওই ক্ষেপণাস্ত্রে কোনও বিস্ফোরক ছিল না। এ ঘটনার পরপরই পাকিস্তান একে বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘন বলেছে।
পাক পররাষ্ট্র দপ্তর শুক্রবারেই ঘটনাটির প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকেও পাঠায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক পরিবেশের আবহে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতেই হবে।
যদি কোনও পক্ষের কোনও ভুল ব্যাখ্যা পরিস্থিতিকে উত্তেজনার দিকে নিয়ে যায় তাহলে তা ‘ভয়াবহ পরিণতি’ ডেকে আনতে পারে বলেও মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
অতীতে সামরিক বিশেষজ্ঞরা পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে দুর্ঘটনা এবং ভুল হিসাব-নিকাশের ঝুঁকি সম্পর্কে সতর্র্ক করে এসেছেন। কাশ্মীর নিয়ে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।
সম্প্রতি কয়েকমাসে উত্তেজনা কমেছে। কিন্তু ‘দুর্ঘটনবশত’ ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র ছোড়া ঠেকাতে ভারতের কাছ থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো ঠিকভাবে পরিচালনা করতে পারছে কিনা সে সম্পর্কে পরিষ্কারভাবে জানানোর দাবি করেছে পাকিস্তান।
যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে, ভারতীয় ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) এবং ৫০০ কিলোমিটারের মধ্যে (৩১০ মাইল)। ফলে ভারতের উত্তরাঞ্চল থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আঘাত হানতে সক্ষম।
