২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 11:02 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

রাহবার গেস্ট হাউজ নামে ওই হোটেলে শনিবার ভোররাতে অগ্নিকাণ্ড ঘটে বলে কলকাতার সংবাদ মাধ্যম জানিয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম সামিমাতুল আরা, তার বয়স ৬০ বছর।

আগুন লাগার পর এই বৃদ্ধাকে বের করা সম্ভবপর হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

আরেকটি সংবাদপত্র জানিয়েছে, ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে।

মইনূল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

মেহাতাব আলম নামে আরেকজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা বলে আনন্দবাজার জানিয়েছে।

মইনুল ও মেহতাব ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।

কলকাতা নিউ মার্কেটের কাছের এই হোটেলটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়ে যায়।

হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপক বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।