২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিধানসভা নির্বাচন: উত্তর প্রদেশে বিজেপি, পাঞ্জাবে আম আদমি এগিয়ে

বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি, অন্যদিকে পাঞ্জাবে কংগ্রেসকে টেক্কা দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 11:04 AM

Updated : 02 Aug 2022, 03:05 PM

ভারতের পাঁচ রাজ্যের এই বিধানসভা নির্বাচনকে বলা হচ্ছিল ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে সেমি ফাইনাল। সাত পর্বে ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার চলছে ভোট গণনা।

এর মধ্যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জোটসঙ্গীদের নিয়ে ক্ষমতায় রয়েছে বিজেপি। কেবল পাঞ্জাব ছিল কংগ্রেসের হাতে।

তবে সবার নজর ছিল ভারতের কৃষক আন্দোলনের কেন্দ্রভূমি উত্তর প্রদেশের দিকে। সাধারণভাবে নামের আদ্যক্ষর ‘ইউপি’ দিয়ে পরিচিত উত্তর প্রদেশে ২৪ কোটি মানুষের আবাস। এ রাজ্য একটি স্বতন্ত্র দেশ হলে জনসংখ্যার দিক দিয়ে তা বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হত; পাকিস্তান ও ব্রাজিলের চেয়েও বড় হত।

৪৪৫ আসনের ভারতীয় পার্লামেন্টের সবচেয়ে বেশি এমপি আসেন উত্তর প্রদেশ থেকে, এ সংখ্যা ৮০। এ কারণে প্রায়ই বলা হয়ে থাকে, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, তারাই দেশ শাসন করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুসহ ভারতের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ রাজ্য থেকেই এসেছেন।

এ রাজ্যে ক্ষমতাসীন বিজেপির যোগী আদিত্যনাথের মূল প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোট। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ২০১৭ সালে বিজেপির কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল।

ভোট গণনা শুরুর আগে বুধবার প্রকাশিত বুথফেরত জরিপে ইংগিত মিলেছে, বিশাল জয় নিয়ে আবারও উত্তর প্রদেশের ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি।

ভারতের গত দুটি সাধারণ নির্বাচনে বিজেপির বিপুল জয়লাভের কৃতিত্ব দাবি করতেই পারেন উত্তর প্রদেশের ভোটাররা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দলটি এ রাজ্যে ৭১টি আসন পেয়েছিল। আর ২০১৯ সালের নির্বাচনে পেয়েছিল ৬২টি আসন।

তবে এবার উত্তর প্রদেশে এবার বিজেপির অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল বিতর্কিত কৃষি আইনের জেরে। এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার সেই আইন বাতিল করতে বাধ্য হয়। আদিত্যনাথকে জিতিয়ে আনতে খোদ নরেন্দ্র মোদীও বারবার উত্তর প্রদেশে ছুটে গেছেন ভোটের প্রচারে।

বুথফেরত জরিপ: উত্তর প্রদেশ থাকছে বিজেপির দখলেই, পাঞ্জাবে আম আদমি  

১৯৮৯ সাল থেকে উত্তর প্রদেশে কোনো দলই পরপর দুই মেয়াদে জয় পায়নি। বিজেপি এবং আদিত্যনাথ এই ধারা ভাঙতে চলেছেন বলেই বুথফেরত জরিপে আভাস মিলছে।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ৩২৫টি আসন পেয়েছিল বিজেপি জোট (বিজেপি একাই পেয়েছিল ৩১২ আসন)। সমাজবাদী পার্টির জোট (এসপি) ৪৭টি, মায়াবতীর বিএসপি ১৯টি এবং কংগ্রেস ৭টি আসন পেয়েছিল।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত আসা প্রাথমিক ফলাফলে ১৫২টি আসনে বিজেপি এবং ৬৬ আসনে সমাজবাদী পার্টি এগিয়ে ছিল। তখনও কোনো আসনের পুরো ফল আসেনি।

গোয়ার ৪০ আসনের মধ্যে বিজেপির হাতে এতদিন ছিল ১৩টি। এবার তা বাড়ার আভাস এসেছে বুথফেরত জরিপে। প্রাথমিক ফলাফলে ১৮টি আসনে বিজেপি এবং কংগ্রেস ১২টি আসনে এগিয়ে ছিল।

উত্তরাখণ্ডের ৭০ আসনের মধ্যে ৫৭ এতদিন বিজেপির ছিল। প্রাথমিক ফলাফলে বিজেপি ৪৪টি আসনে এবং কংগ্রেস ২৩ আসনে এগিয়ে ছিল।

গতবার মণিপুরের ৬০ আসনের ২১টি পেয়েছিল বিজেপি। সকালের প্রাথমিক ফলাফলে ২৬ আসনে তাদের এগিয়ে থাকার খবর ছিল। 

আর পাঞ্জাবের ১১৭ আসনের মধ্যে ৭৭ আসন নিয়ে রাজ্য শাসন করে আসছিল কংগ্রেস। প্রাথমিক ফলাফলে কংগ্রেস এগিয়ে ছিল মাত্র ১২ আসনে, ৮৮ আসনে আম আদমি পার্টির প্রার্থীরা এগিয়ে ছিলেন।