কলকাতা বইমেলায় ’বাংলাদেশ দিবস’
কলকাতা বইমেলায় দুই দিনের নানা আয়োজনে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন করল বাংলাদেশের ডেপুটি হাই কমিশন।
মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন। তারপর হয় দুটি সেমিনার।
বিকেলে অনুষ্ঠিত প্রথম সেমিনারের বিষয় ছিল ’রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তাঁর তিনটি বই’। মূল আলোচক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী।
বঙ্গবন্ধুর তিনটি বইয়ের ওপর আলোচনা করেন কবি তারিক সুজাত, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক চিন্ময় গুহ।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
এরপর ’বাংলাদেশ-ভারত বই বিনিময় ও বিপণন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক দ্বিতীয় সেমিনারে মূল আলোচক ছিলেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সেমিনারে সভাপতিত্ব করেন। কবিতা আবৃত্তি করেন কবি আসলাম সানী।
কলকাতার বিধাননগরের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে মেলা প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
কলকাতার সেন্ট্রাল পার্কে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ছিলেন বিশেষ অতিথি।
ডেপুটি হাই কমিশন জানিয়েছে, এবারের বইমেলায় বাংলাদেশের থিম ‘মুজিব চিরন্তন'। এই থিমের উপর ভিত্তি করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সৃজনে মননে সশস্ত্র মানবিক দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ'।
বঙ্গবন্ধুর সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে থিম ধরেই নির্মাণ করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।
শুক্রবার দ্বিতীয় দিনের আয়োজনে ছিল দুটি সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক সুভাষ সিংহ রায়; কবি ও প্রাবন্ধিক অধ্যাপক পবিত্র সরকার; লেখক ও সমাজকর্মী ড. ইমানুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
এরপর বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে ‘বাংলাদেশ: সংগ্রাম, সিদ্ধি, মুক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান হয়। পবিত্র সরকারের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনজাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী।
অনদের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান বক্তব্য দেন।
এরপর কবি কামাল চৌধুরীর তিনটি বইয়ের (কামাল চৌধুরীর শ্রেষ্ঠ কবিতা, টুঙ্গিপাড়া গ্রাম থেকে, ইংরেজি অনুবাদ, শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন) মোড়ক উন্মোচন করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় দুদিনের আয়োজন।
