ইউক্রেইনে গোলার আঘাতে ভারতীয় শিক্ষার্থী নিহত
ইউক্রেইনের খারকিভে গোলার আঘাতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছে। মেডিকেল পড়ুয়া ওই শিক্ষার্থী ‘খাবার কিনতে’ বাংকার থেকে বাইরে বেরিয়েছিলেন।
বিবিসি জানায়, নিহত শিক্ষার্থীর নাম নভীন এস জ্ঞানগোদার, বয়স ২২। মঙ্গলবার নিহত হন নভীন।
তার বন্ধু শ্রীকান্ত চেন্নাগৌড়া বিবিসিকে বলেন, গোলার আঘাতে মারা যাওয়ার কিছুক্ষণ আগেই নভীনের সঙ্গে তার কথা হয়েছে।
‘‘মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে নভীন আমাকে ফোন করে আরো টাকা পাঠাতে বলে, যেন সে আমাদের জন্য বেশি করে খাবার কিনতে পারে।
‘‘এদিন কারফিউ শেষ হওয়ার পরপরই সে খাবার কিনতে কাছের একটি সুপারমার্কেটে গিয়েছিল। আমি তাকে টাকা ট্রান্সফার করি। কিন্তু ৫-১০ মিনিট পর আমি আবার তাকে ফোন দিলে সে আর ফোন তোলেনি। আমি অনেকবার চেষ্টা করেছি। পরে ইউক্রেনীয় ভাষায় কথা বলা একজন তার ফোন তোলে। আমি তার কথা কিছু বুঝতে পারছিলাম না।
‘‘আমি বাংকারে ইউক্রেইনীয় ভাষা বোঝে এমন একজনকে ফোন দেই। ফোনে কথা বলে তিনি জানান, আমার বন্ধু মারা গেছেন। আমি বিশ্বাস করতে পারনি। তাই ছুটে সুপারমার্কেটে যাই। সেখানে গোলা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।”
নভীন ঠিক কোথায় হামলার শিকার হয়েছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নভীনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বলা হয়, তারা নভীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।
শ্রীকান্ত জানান, নভীনসহ বাংকারে থাকা অন্যরা দ্রুত সেখান থেকে সরে পড়ার প্ল্যান করেছিলেন। তারমধ্যেই খারকিভে পুনরায় প্রচণ্ড গোলা বর্ষণ শুরু হয়ে যায়।
নভীন ভারতের কর্ণাটক রাজ্যের হাভেরি জেলার বাসিন্দা ছিলেন।
নভীন এবং শ্রীকান্ত খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ভারতের হাজারো শিক্ষার্থী এখনো ইউক্রেইনে আটকে আছেন এবং তারা সেখান থেকে তাদের উদ্ধারের আকুতি জানিয়েছেন বলে জানায় বিবিসি।
ভারত সরকার ইউক্রেইন থেকে নিজে দেশের শিক্ষার্থীদের উদ্ধারের উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখানে তাদের নানা ধরণে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
গত বৃহস্পতিবার ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই অনেক শিক্ষার্থী সেখান আটকে পড়ার এবং খাবার ও অন্যান্য রসদের সংকটে পড়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন।
