আসামে নিজেকে ভারতীয় প্রমাণে মামলা লড়া ব্যক্তির ‘আত্মহত্যা’
ভারতীয় জাতীয়তা প্রমাণে আইনি লড়াই চালিয়ে যাওয়া আসামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।
৬০ বছর বয়সী মানিক দাস আসামের মরিগাঁও জেলার বরখাল গ্রামের বাসিন্দা। ‘বাংলাদেশি হিসেবে চিহ্নিত’ হওয়ার কারণে ‘হতাশা ও মানসিক নির্যাতনের প্রভাবে’ তিনি নিজের জীবনের ইতি টেনেছেন বলে ভাষ্য তার পরিবারের।
২০১৯ সালে করা আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) যখন হিমাগারে, এই তালিকাটির স্বীকৃতি বিষয়ে যখন কোনো অগ্রগতিই দৃ্শ্যমান নয়, তখন মানিকের আত্মহত্যার এ খবর এল।
এনডিটিভি জানিয়েছে, মানিকের নাম আসামের নাগরিকপঞ্জিতে থাকা সত্ত্বেও তাকে মরিগাঁওয়ের বৈদেশিক ট্রাইব্যুনালে নিজের জাতীয়তা প্রমাণে মামলা লড়তে হচ্ছিল।
বরখাল গ্রামের কাছে জাগি রোডের শুটকি মাছের বাজারে ছোটখাট ব্যবসা করতেন মানিক।
আসামের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় ২০১৯ সালের অগাস্টে, সেখানে মানিক ও তার পরিবারের সদস্যদের নাম উঠেছিল। কিন্তু কয়েক মাস পর নভেম্বরের ২০ তারিখ বৈদেশিক ট্রাইব্যুনাল থেকে তার নামে নোটিস জারি হয়।
“তাকে নোটিস পাঠানো হয় এনআরসির তালিকা প্রকাশিত হওয়ার পর, ওই তালিকায় আমাদের সবার নাম আছে। কিন্তু এরপরও পুলিশ কেন তাকে নোটিস পাঠিয়েছে, কেন মামলা করেছে, তা আমরা জানি না।
“আমার বাবার নাম এনআরসিতে ছিল। পুরো প্রক্রিয়া নিয়ে তিনি হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। যাদের নাম আসাম এনআরসিতে স্থান পেয়েছে, তাদেরকে যদি বিদেশি বা বাংলাদেশি বিবেচনা করা হয়, তাহলে এনআরসি বানানোর দরকার কী ছিল?,” প্রশ্ন মানিকের ছেলে কার্তিক দাসের।
এনআরসির চূড়ান্ত তালিকায় যে মানিক ও তার পরিবারের সব সদস্যের নাম আছে তা যাচাই করে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মানিককে ‘বিদেশি’ সন্দেহ করে আসাম সীমান্ত পুলিশ ২০০৪ সালে তার নামে একটি মামলা করেছিল। সেই মামলার নোটিস যেতে সময় লেগেছে ১৫ বছর। এই নোটিসের অনুলিপি দেখার কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মরিগাঁও জেলা পুলিশের এসপি অপর্না নটরাজন বলেন, “মানিক যে নিখোঁজ, তা তার পরিবারের সদস্যরা রোববার জাগি রোড থানাকে জানায়। পরদিন তার মৃতদেহ মেলে। ময়নাতদন্ত হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা করেছি আমরা, কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
মানিকের পরিবারের সদস্যরা বলছেন, মরিগাঁও বৈদেশিক ট্রাইব্যুনাল-২ এ তার বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে অত্যান্ত হতাশ ছিলেন মানিক।
মানিকের আইনজীবী দীপক বিশ্বাস বলেন, “মানিক দাসের বৈধ আইনি পরিচয় সংক্রান্ত সব নথিপত্র যেমন প্যান কার্ড, আধার কার্ড, তার নামে জমির দলিল সব আছে। আমরা ট্রাইব্যুনালে (তাদের নোটিসের) জবাব জমা দিয়েছি, তিনি যে সাচ্চা ভারতীয় ছিলেন, হয়তো সেটা আমরা প্রমাণ করতে পারতাম।”
