২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে দাতব্য সংস্থার ২ কর্মী নিখোঁজ

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন জানিয়েছে, তারা গোলযোগপূর্ণ কায়া রাজ্যে হামলার ঘটনার পর থেকে তাদের দুই কর্মীর খোঁজ পাচ্ছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 04:56 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

বছর শেষের ছুটি কাটাতে বাড়ি যাওয়ার পথে ওই দুই কর্মী পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে সহিংসতার কবলে পড়েন, শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলেছে তারা।

শুক্রবারের ওই হামলায় নারী-শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো; অনেক মৃতদেহ পোড়া অবস্থায় পাওয়া গেছে।

দুই কর্মী নিখোঁজ হওয়ার পর সেইভ দ্য চিলড্রেন কায়া রাজ্য, পার্শ্ববর্তী কারেন রাজ্যের কিছু অংশ এবং ম্যাগওয়ে অঞ্চলে কার্যক্রম স্থগিতেরও ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“তাদের ব্যক্তিগত গাড়িতে হামলা ও পরে পুড়িয়ে ফেলা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি,” বলা হয়েছে সেইভ দ্য টিলড্রেনের বিবৃতিতে।

বিরোধীরা হাপ্রুসো শহরের মো সো গ্রামের কাছে শুক্রবারের ওই হত্যাযজ্ঞের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে।

এ প্রসঙ্গে কথা বলতে রোববার সামরিক জান্তার মুখপাত্র জ মিন তুনকে ফোন করা হলেও তিনি তা ধরেননি বলে জানিয়েছে রয়টার্স। কায়া রাজ্যে হামলা ও হতাহতের যে খবর এসেছে, তা যাচাইও করতে পারেনি সংবাদমাধ্যমটি।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর একাধিক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে।

শনিবার মো সো গ্রামের এক বাসিন্দা রয়টার্সকে ৩২টি লাশ দেখতে পাওয়ার কথা জানান। অন্যদিকে ‘সেইভ দ্য চিলড্রেন’ বলছে, অন্তত ৩৮ জন নিহত হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করে; এরপর থেকে দেশটিতে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ চলে আসছে।

গ্রামাঞ্চলের জঙ্গলে জঙ্গলে জান্তার বিরুদ্ধে লড়তে সংগঠিত হচ্ছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছে অনেক সাধারণ মানুষও। মাঝে মধ্যেই তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হচ্ছে।

অ্যাসোসিয়েশন ফর অ্যাসিস্ট্যান্স অব পলিটিকাল প্রিজনার্সের হিসাব অনুযায়ী, জান্তাবিরোধী আন্দোলন ও সশস্ত্র সংগ্রামে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৭৫ জনের প্রাণ গেছে,গ্রেপ্তার হয়েছে ৮ হাজারের বেশি।

সামরিক বাহিনী নিহত ও কারাবন্দিদের এ সংখ্যা নিয়ে আপত্তি জানিয়ে আসছে; সংঘর্ষে বিদ্রোহীদের পাশাপাশি অনেক সেনাও মারা পড়ছে বলে দাবি করছে তারা।