অমৃতসরের শিখ স্বর্ণমন্দিরে একজনকে পিটিয়ে হত্যা
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শিখদের পবিত্র স্বর্ণমন্দিরে ‘অপবিত্রতার’ অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার স্বর্ণমন্দিরে এক প্রার্থনা চলাকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনকার মতো সন্ধ্যাকালীন প্রার্থনা চলার সময় স্বর্ণমন্দিরের ভেতরে এক ব্যক্তি প্রবেশ করে। লোকটি হঠাৎরেলিং পেরিয়ে মন্দিদের ভেতরের মূল অংশটিতে প্রবেশ করে যেখানে শিখ ধর্মালম্বীদের পবিত্র গ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহেব’রাখা আছে।
এরপর তিনি গ্রন্থটির সামনে রাখা তলোয়ারটি ধরার চেষ্টা করেন। এ সময় সেখানে থাকা রক্ষীরা ও উপস্থিত উপাসকরা তাকে নিবৃত্ত করেন।
স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। তখন টেলিভিশনে সন্ধ্যাকালীন প্রার্থনার সরাসরি সম্প্রচার চলছিল। ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে।
তবে এরপর কী হয়েছে তা পরিষ্কার হয়নি। পুলিশ জানিয়েছে, তাদের কর্মকর্তারা সেখানে গিয়ে লোকটিকে মৃত অবস্থায় পান, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ বলেছে, লোকটির এখানে কখন এসেছে, কীভাবে এসেছে তা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে বের করা হবে। তাছাড়া তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কী না তাও তদন্তে উঠে আসবে বলে জানিয়েছে তারা।
অমৃতসর পুলিশের সহকারী কমিশনার পারমিন্দার সিং ভান্ডাল বলেন, “আজকে সন্ধ্যার প্রার্থনার সময় একজন অপরিচিত লোক রেলিং পেরিয়ে মন্দিরের মূল অংশে লাফিয়ে পড়ে। তখন সবাই প্রার্থনা করছিল।
“প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী এই ব্যক্তি মাথায় একটি হলুদ কাপড় বেঁধে মন্দিরে প্রবেশ করেছিলেন। তিনি রেলিংয়ের ভেতরে ঢুকে পড়ার পর সেখানে থাকা লোকজন তাকে ধরে বাইরের বারান্দায় নিয়ে যায়। সেখানে এ নিয়ে ঝগড়া ও সহিংসতায় সে মারা যায়।
“সে একা ছিল। সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং ফুটেজগুলো নিয়ে কাজ করছে। আগামীকাল পোস্টমোর্টেম করা হবে। লোকটি কোথা থেকে এসেছে আমরা বের করার চেষ্টা করব।”
তবে ভারতীয় একটি বার্তা সংস্থা পারমিন্দার সিং ভান্ডালের বরাত দিয়ে লোকটি উত্তর প্রদেশ থেকে এসেছে বলে জানিয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এক টুইট বার্তায় পুলিশকে ‘এই জঘন্য কাজের পিছনে অন্তর্নিহিত উদ্দেশ্য এবং আসল ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন।
পাঞ্জাবের প্রধান বিরোধী দল আকালি ঘটনার জন্য রাজ্য সরকারকে দোষারোপ করে একে ‘গভীর ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছে।
শিখ মন্দিরের পবিত্রতা শিখ ধর্মালম্বীদের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। আগামী বছরের রাজ্যসভা নির্বাচনের আগে এটি একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
