২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল নাড়ুতে কপ্টার দুর্ঘটনা: বাঁচলেন না বরুণ সিংও

তামিল নাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আহত গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 02:14 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

বুধবার সকালে বেঙ্গালুরুর একটি সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছে।

৮ ডিসেম্বর দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে তামিল নাড়ুর ওয়েলিংটনে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, অবস্থার অবনতি হলে পরে তাকে বেঙ্গালুরুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

দুর্ঘটনার দিনই এমআই সেভেনটিন ভি৫ হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকাসহ ১৪ আরোহীর ১৩ জনের মৃত্যু খবর জানা গিয়েছিল।

বেঁচে ছিলেন কেবল বরুণ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকে তিনি ‘লাইফ সাপোর্টে’ই ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার সকালে এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানায়, “আইইএফ গভীর দুঃখের সঙ্গে অসম সাহসী গ্রুপ ক্যাপ্টের বরুন সিংয়ের মৃত্যুর খবর দিচ্ছে। ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি, আজ সকালে মারা গেছেন।“

বরুণের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

“তার প্রয়াণে আমি বেদনার্ত। তার অসাধারণ সেবা জাতি কখনোই ভুলবে না,” বলেছেন তিনি।