২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরের শ্রীনগরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৪

কাশ্মীরের শ্রীনগরে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 01:24 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

পুলিশ বলছে, নিহতদের মধ্যে ২ জঙ্গি, তাদের এক আশ্রয়দাতা এবং এক বেসামরিক নাগরিক রয়েছে।

সোমবার স্থানীয় সময় হায়দারপোরায় একটি বহুতল ভবনের ভেতর এ গোলাগুলি হয় বলে তারা জানালেও নিহতদের পরিবারের সদস্যরা একে ‘সাজানো বন্দুকযুদ্ধ’ বলে দাবি করেছে। নিহতদের মধ্যে একজনকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি তার এক আত্মীয়ের।

“২ জঙ্গি, এদের মধ্যে হায়দার নামের একজন বিদেশি এবং তার স্থানীয় সহযোগী, সম্ভবত জম্মুর বানিহাল এলাকার বাসিন্দা, তারা নিহত হয়েছে। আমরা স্থানীয়জনের লাশ শনাক্তে বানিহাল থেকে একটি পরিবারের সদস্যদের ডেকেছি,“ বলেছেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার।

নিহতদের মধ্যে ভবনের মালিক, বারজুল্লার বাসিন্দা আলতাফ ভাটও আছে। বহুতল ওই ভবনেই তার অফিস ছিল বলে জানিয়েছে দ্য হিন্দু।

পুলিশ বলছে, আলতাফ দুই পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে মারা গেছেন।

“নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি নাকি জঙ্গিদের গুলিতে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি; জঙ্গিদের কাছেও পিস্তল ছিল। তার (আলতাফ) মৃত্যুর কারণ তদন্তের পর স্পষ্ট হবে,” বলেছেন কুমার।

নিহত চতুর্থজনের নাম মুদাসির গুল বলে জানিয়েছে পুলিশ; শ্রীনগরের রাওয়ালপোরার বাসিন্দা মুদাসির দন্তচিকিৎসক থেকে পরে ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেন।

“সম্ভবত তিনি হায়দার ও তার সহযোগীকে আশ্রয় দিয়েছিলেন। তিনি জঙ্গিদের আশ্রয় দিতেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতেন।

“মুদাসির হায়দারকে শ্রীনগরের জামতলার একটি হামলার স্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ায় জড়িত ছিলেন; (রোববার) জামতলার ওই হামলায় এক পুলিশ গুলিবিদ্ধ হয়েছিলেন। মুদাসির ছিলেন ‘ওভারগ্রাউন্ড’ কর্মী, যিনি জঙ্গিদের আশ্রয় দেওয়ায় সরাসরি জড়িত ছিলেন,” বলেছেন পুলিশের এ মহাপরিদর্শক।

বন্দুকযুদ্ধের স্থল থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আধা ডজন মোবাইল ফোন ও কয়েকটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে, বলছে পুলিশ।

হায়দারপোরার এই হাইটেক আস্তানার কাজ কী ছিল, একটি বিশেষ তদন্ত দল তা খতিয়ে দেখবে।

“ঘটনাস্থল থেকে পাওয়া ফোন ও কম্পিউটারগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হবে,” বলেছেন তিনি।

কুমার জানান, আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার আশঙ্কায় নিহত বেসামরিকের লাশ শেষকৃত্যের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

পরিবারের সদস্যরা আলতাফ ও মুদাসিরকে ‘নিরীহ বেসামরিক’ অভিহিত করে বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুন করে ঘটনাকে বন্দুকযুদ্ধ হিসেবে সাজিয়েছে।

“প্রত্যক্ষদর্শীরা আমাদের বলেছেন, আমার বাবাকে তিনবার ভবনের ভেতরে নেওয়া হয়েছে। তাকে দুইবার বেরিয়ে যেতে দেওয়া হয়েছিল, তৃতীয়বার মেরে ফেলা হয়েছে। কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। মুসলমান বলেই তাকে মেরে ফেলা হয়েছে। আমরা দাবি করেছিলাম, যেন তার লাশ আমাদেরকে দেওয়া হয়, যেন আমি ও আমার ছোট বোন তাকে শেষবার দেখতে পারি,” বলেছেন আলতাফের মেয়ে।

আলতাফকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে তার এক আত্মীয় অভিযোগও করেছেন।

শেষকৃত্যের জন্য মুদাসির ও আলতাফের লাশ চেয়ে তার পরিবারের সদস্যরা সড়কে বিক্ষোভ করেছে।

“আমার ছেলে চিকিৎসক এবং তার সঙ্গে জঙ্গিদের কোনো যোগসাজশ ছিল না। তাকে কেন মারা হল,” জানতে চান মুদাসিরের মা।

হায়দারপোরার ওই ভবনের একটি দোকানের মালিক ছিলেন মুদাসির। 

ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড পিপলস ডেমোক্রেটিক পার্টিসহ কাশ্মীরে সক্রিয় বিভিন্ন দল কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চেয়েছে।

“বন্দুকযুদ্ধ বিষয়ে পাল্টাপাল্টি দাবির মধ্যে অন্তত যেটুকু আমরা প্রাপ্য, ত হল কী ঘটেছে সে সম্বন্ধে নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানের স্বচ্ছ বর্ণনা,” বলেছেন পিপলস কনফারেন্সের প্রধান সাজ্জাদ লোন।

নিহতদের লাশ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন বন্দি হুরিয়াত চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক।

“মানবাধিকারের এমন লংঘনের মধ্যেও ভারতের নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কাশ্মীরের জনগণের জীবনকে দোজখে পরিণত করেছে,” বলেছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, পুলিশ নিহতদের মধ্যে যে দুইজনকে জঙ্গি বলে অ্যাখ্যা দিচ্ছে তার একজনের নাম আমির মাগ্রে। তার বাবা আবদুল লতিফ মাগ্রে ২০০৫ সালে রামবান জেলার প্রত্যন্ত এক গ্রামে কেবল পাথর হাতেই এক জঙ্গিকে মেরে ফেলেছিলেন। জঙ্গিরা তার ওপর গুলি চালিয়েছিল, তারা চাচাত ভাইকে মেরে ফেলেছিল।

“১১ বছর আগে আমরা বাড়ি ছেড়ে চলে আসি। গোপন জায়গায় রেখে সন্তানদের বড় করতে বেশ কষ্ট হয়েছে। আজ, সেই ত্যাগের ফল হল- এক ভারতীয় যে পাথর দিয়ে জঙ্গি মেরেছিল, তার ছেলেকে মেরে জঙ্গির তকমা লাগিয়ে দেওয়া হল,” বলেছেন আবদুল লতিফ।

পুলিশ শেষকৃত্যের জন্য ছেলের লাশ না দেওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

“জঙ্গিদের সঙ্গে লড়ার পুরস্কার হচ্ছে আমার ছেলের লাশ দিতে অস্বীকৃতি। পুলিশ এখনও আমার বাড়ি পাহারা দিচ্ছে। কালকে এই নিরাপত্তারক্ষীরা আমাকে মেরে ফেলতে পারে, এবং বলতে পারে আমিও জঙ্গি,” বলেন তিনি।

পুলিশ পরে জানিয়েছে, তারা নিহত ৪ জনের লাশই শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে হান্দওয়ারা পুলিশ জেলার একটি অজ্ঞাত স্থানে সমাহিত করেছে।