২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের  শীর্ষ মাওবাদী বিদ্রোহী মিলিন্দ তেলতুম্বডে নিহত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২৬ জন মাওবাদী বিদ্রোহীর মধ্যে শীর্ষ নেতা মিলিন্দ তেলতুম্বডেও আছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 06:35 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

মিলিন্দ দেশটির ব্যাপক আলোচিত ভীমা-কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত আসামী। শনিবার গড়চিরৌলিত জেলার মারদিনতলা বনের কোরচি এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় সারাদিন ধরে বন্দুকযুদ্ধ হয়।  

মাওয়িস্ট সেন্ট্রাল কমিটির (এমসিসি) সদস্য মিলিন্দকে ধরিয়ে দিতে ৫০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার। মিলিন্দ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা, এই চার রাজ্যেই ব্যাপক সক্রিয় ছিলেন বলে ধারণা করা হতো।

২০১৯ সালে কুরখেদা হামলায়ও মিলিন্দের সম্পৃক্ততা ছিল বলে সন্দেহ করা হয়; ওই হামলায় একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, মাওবাদী নিধনের উদ্দেশ্যে বানানো পুলিশের সি-৬০ কমান্ডোর ১৬টি দলের পাঁচ শতাধিক সদস্য শনিবার অভিযানে নেমে স্থানীয় সময় ভোর ৬টা থেকে বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। দু’পক্ষের মধ্যে বিকাল ৪টা পর্যন্ত গোলাগুলি চলে।

এ অভিযানে ২৬ মাওবাদী নিহতের পাশাপাশি পুলিশের ৪ সদস্যও গুরুতর আহত হয়েছেন। আহতরা নাগপুর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বন্দুকযুদ্ধকে গত কয়েক বছরে গড়চিরৌলির জঙ্গলে হওয়া সবচেয়ে বড় বন্দুকযুদ্ধ বলা হচ্ছে। বন্দুকযুদ্ধের স্থল থেকে গ্রেনেড লঞ্চার ও একে-৪৭ রাইফেলসহ ২৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্রে নিহত ২৬ জনের মধ্যে মিলিন্দের পাশাপাশি তার দুই দেহরক্ষীও আছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও বেশ কয়েকজন মাওবাদী নেতা আছেন, যাদের প্রত্যেকের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা ছিল।

এর মধ্যে কোরচি দালামের কমান্ডার কিষাণ ওরফে জায়মন ও কাসানসুর দালামের কমান্ডার সনু ওরফে কোভাচির জন্য ৮ লাখ ‍রুপি করে পুরস্কারের ঘোষণা ছিল।

তেলতুম্বডের দেহরক্ষী ভগৎ সিং ওরফে প্রদীপ ওরফে তিলক জাদের মাথার দাম ছিল ৬ লাখ রুপি; প্রকাশ ওরফে সাধু বগা, মাওবাদী নেতা প্রভাকরের দেহরক্ষী লাচ্চু, নাভলুরাম ওরফে দিলীপ তুলাভি, বান্দু ওরফে দালসু গোটা, কোসা ওরফে মুসাখি এবং প্রমোদ ওরফে দালপাথ কাচলামির জন্য ছিল ৪ লাখ রুপি করে পুরস্কার।

২০১৮ সালে ভারতীয় নিরাপত্তা বাহিনীর প্রায় একই ধরনের একটি অভিযানে ৪০ মাওবাদী নিহত হয়েছিল।