ভারতে সিআরপিএফের কনস্টেবলের গুলিতে ৪ সহকর্মী নিহত
ভারতের ছত্তিশগড় রাজ্যে আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কনস্টেবলের গুলিতে চার সহকর্মী নিহত ও আরও তিন জন আহত হয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার রাজ্যটির বস্তার অঞ্চলের সুকমা জেলার মারাইগুডা থানা এলাকায় সিআরপিএফের ৫০তম ব্যাটেলিয়নের শিবিরে ঘটনাটি ঘটেছে।
সোমবার স্থানীয় সময় ভোররাত সোয়া ৩টার দিকে ঘটনাটি ঘটে। নিজেদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ওই কনস্টেবল তার কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি করে।
বস্তার রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি-র বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গুলিবর্ষণকারী কনস্টেবলের নাম রিতেশ রঞ্জন। তাকে আটক করা হয়েছে। তিনি একে-৪৭ রাইফেল ব্যবহার করেছেন।
ঘটনাস্থল রাজ্যের রাজধানী রাইপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
সাত গুলিবিদ্ধের মধ্যে চার জন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর তিন জনকে প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানার ভাদ্রাচালাম এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
