২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় কথিত ‘বাংলাদেশি’ গরু চোরাকারবারিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2021, 10:17 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

শনিবার ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তবর্তী সোনামুড়া মহকুমার সেপাহিজালা জেলার কমল নগর গ্রামে ঘটনাটি ঘটেছে।  

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে সন্দেহভাজন তিন গরু চোরাকারবারি বাংলাদেশ থেকে ভারতীয় ওই রাজ্যটিতে প্রবেশ করে বলে অভিযোগ। 

এই তিন কথিত চোরাকারবারি গরু চুরির উদ্দেশ্যে স্থানীয় লিটন পালের বাড়িতে প্রবেশ করে। গরু চুরির চেষ্টার সময় বাড়ির মালিক এক প্রতিবেশীর সহায়তায় তাদের ধরে ফেলেন। কিন্তু ওই তিন তরুণের মধ্যে দুই জন পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজন ধরা পড়েন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরে উত্তেজিত একদল স্থানীয় লোক তাকে পিটিয়ে মেরে ফেলে।

পরে সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির কাছে থাকা একটি মোবাইল ফোন ও বাংলাদেশি টাকা উদ্ধার করে। শেষ খবর পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত হয়নি।