‘আলোচনায় বসতে বন্দি মুক্তির শর্ত’ পাকিস্তান তালেবানের
পাকিস্তানি তালেবান পূর্ণ অস্ত্রবিরতির লক্ষ্যে আলোচনার পরিবেশ তৈরির জন্য পাকিস্তান সরকারকে বন্দি মুক্তির শর্ত দিয়েছে বলে জানা গেছে।
গোষ্ঠীটির একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বহু বন্দির মুক্তির দাবি জানিয়েছেন তারা।
তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবান আফগান তালেবান থেকে পৃথক আরেকটি গোষ্ঠী। এ গোষ্ঠীটি আফগান তালেবানের সহায়তায় দুই রাউন্ড প্রাথমিক আলোচনা করেছে বলে আফগানিস্তানের কুনার প্রদেশভিত্তিক এক কমান্ডার জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানেন এমন ব্যক্তিরা জানিয়েছেন, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং আফগান তালেবানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনায় সাহায্য করছেন।
অনেকগুলো জঙ্গি গোষ্ঠীকে একত্রিত করে গঠন করা টিটিপি ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় এই গোষ্ঠীটির নাম আছে।
গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের টিআরটি টেলিভিশনকে বলেছেন, ‘মিটমাট প্রক্রিয়ার’ অংশ হিসেবে তার সরকার টিটিপির অংশগুলোর সঙ্গে আলোচনা করছে।
টিটিপির তিন জন কমান্ডার রয়টার্সকে বলেছেন, বিশ্বাস তৈরির পদক্ষেপ হিসেবে বন্দি মুক্তির শর্ত দেওয়া হয়েছে। আলোচনার ফলাফল এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন তারা।
“আলোচনার আশু ফল নিয়ে আমরা অতি আশাবাদী নই কিন্তু আমাদের নেতারা বন্দিদের মুক্তির দেওয়ার দাবি করেছেন যদি অর্থপূর্ণ আলোচনার বিষয়ে তারা আন্তরিক হয়,” আফগানিস্তানের কুনার প্রদেশ থেকে রয়টার্সকে বলেছেন টিটিপির একজন কমান্ডার।
এ নিয়ে পাকিস্তান সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর তাদের মন্তব্যের জন্য পাঠানো ইমেইল অনুরোধে সাড়া দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, এই দুই পক্ষ চুক্তি স্বাক্ষর ও প্রকাশ না করা পর্যন্ত শান্তি প্রক্রিয়ায় পক্ষে বা বিপক্ষে অথবা একে অপরের বিপক্ষে কোনো বিবৃতি দেবে না বলে সম্মত হয়েছে।
টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরসানি এক টেক্সট বার্তায় জানিয়েছেন, তাদের গোষ্ঠী ‘কখনো অর্থপূর্ণ আলোচনা প্রত্যাখ্যান করেনি’ কিন্তু বাস্তবে এখনও কোনো অগ্রগতি হয়নি।
গত বছরগুলোতে টিটিপি কয়েক হাজার বেসামরিক ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করেছে। কিন্তু ২০১৪ সালে পাকিস্তান সামরিক বাহিনীর জারব-ই-আজব অভিযানে টিটপি বেশ দুর্বল হয়ে পড়ে। অভিযানের মুখে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের ঘাঁটিগুলো ছেড়ে চলে যেতে হয় তাদের।
তারপরও তাদের চার থেকে পাঁচ হাজার যোদ্ধা আছে বলে ধারণা করা হয়। এদের অনেকেই সীমান্তের ওপারে আফগানিস্তানে অবস্থান করছে। আফগান তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুই দেশের সীমান্ত বরাবর অনুপ্রবেশ, গোলাগুলিসহ বেশ কিছু ঘটনা ঘটেছে।
কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারের সময় আফগানিস্তান ও পাকিস্তান, উভয়েই পরস্পরের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করতো।
পাকিস্তানি তালেবানের আরেকজন কমান্ডার জানিয়েছেন, টিটিপি নেতারা গোষ্ঠীভুক্ত সবগুলো উপদলের সঙ্গে পরামর্শ করেছে। এদের মধ্যে কয়েকটির পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে গুরুতর সংশয় থাকলেও সাধারণ যোদ্ধাদের অনেক বাড়িতে ফিরতে চায় বলে জানিয়েছেন তিনি।
