২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে মাইন বিস্ফোরণে ২ ভারতীয় সৈন্য নিহত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে দুই সৈন্য নিহত ও আরও তিন জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 10:06 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

অঞ্চলটির নওশেরা-সুনদেরবানি সেক্টরে ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

রাজৌরি জেলার নওশেরা সেক্টর, যা জম্মুর পিরপাঞ্জাল রেঞ্জের অংশ, গত তিন সপ্তাহ ধরে এখানে ভারতীয় সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা পুঞ্চের বনাঞ্চলে লুকিয়ে আছে বলে ধারণা তাদের। কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে এ পর্যন্ত দুই কর্মকর্তাসহ নয় সৈন্য নিহত হলেও সাফল্যের মুখ দেখেনি অভিযানটি।

গত ১৮ বছরের মধ্যে এই অঞ্চলে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা বিচ্ছিন্নতাবাদবিরোধী অভিযান।      

এই অভিযান চলার মধ্যেই এবার নিয়ন্ত্রণ রেখার কাছে নিজেদের পেতে রাখা মাইন বিস্ফোরণে আরও দুই সৈন্য নিহত হল।

কর্মকর্তারা ভারতীয় গণামাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনীর একটি টহল দল পেতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে সেটি বিস্ফোরিত হয়, এতে কর্মকর্তা ও সৈন্যরা নিহত হন।

আহত সৈন্যদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। 

জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, “এ পর্যন্ত দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।” 

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি যে এলাকায় ঘটেছে সেখানে ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশ ঠেকাতে বহু মাইন পেতে রেখেছে।