কোভিডে মৃত্যু: ভারত সরকারকে গুনতে হবে কয়েক হাজার কোটি রুপি
কোভিডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়ার যে আদেশ ভারতের সুপ্রিম কোর্ট দিয়েছে, তাতে কয়েক হাজার কোটি রুপির যোগান দিতে হবে দেশটির সরকারকে।
ভারতের সুপ্রিম কোর্ট সোমবার কোভিডে মৃত্যুর এই সহায়তা নীতিমালার অনুমোদন দেয়। সেখানে বলা হয়, কেন্দ্র ও রাজ্য সরকারগুলো যেসব সহায়তা তহবিল দিচ্ছে, সহায়তার এই অর্থ তার অতিরিক্ত হিসেবে গণ্য হবে।
অর্থাৎ, কোভিডে মারা যাওয়া প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য তাদের পরিবারকে এই অর্থ দিতে হবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করার ৩০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে আদালত।
মহামারী শুরুর পর ভারতে সরকারি হিসাবে করোনাভাইরাসে মারা গেছে ৪ লাখ ৪৯ হাজার ২৬০ জন, যদিও প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা। সরকারি হিসাবও যদি ধরা হয়, তারপরও ওই সংখ্যক মানুষের জন্য সহায়তা দিতে গেলে ভারত সরকারকে প্রায় সোয়া দুই হাজার কোটি রুপি গুনতে হবে।
এদিকে কারা এই সহায়তার যোগ্য বিবেচিত হবে, তার সংজ্ঞাও নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে, আরটি-পিসিআর বা ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড পজিটিভ আসার পর ৩০ দিনের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার এই আবেদন করতে পারবে।
আদালত বলেছে, ডেথ সার্টিফিকেটের কারণ দেখিয়ে কোনো রাজ্য কারও সহায়তার আবেদন এড়িয়ে যেতে পারবে না। এর ফলে আবেদনের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে ভারতীয় কর্মকর্তাদের ধারণা।
যে আইনজীবীর করা জনস্বার্থ মামলায় ভারতের সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে, সেই গৌরব কুমার বানসাল বলেন, “সরকারের জন্য এটা বিরাট এক দায়িত্ব।”
ভারতের ১৪০ কোটি মানুষের ছয় শতাংশের বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেল আইন অনুযায়ী, ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য কোনো প্রাকৃতি দুর্যোগে কারও মৃত্যু হলে পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার কথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবছর মার্চে করোনাভাইরাস মহামারীকে দুর্যোাগ ঘোষণা করেন, যার ফলে তার সরকার সারা দেশে লকডাউনের বিধিনিষেধ জারির ক্ষমতা পায়।
আইনজীবী বলছেন, কোভিড মহামারীকে যেহেতু দুর্যোাগ ঘোষণা করা হয়েছে, সেহেতু এ রোগে মারা যাওয়া নাগরিকদের পরিবারের ওই সহায়তাও পাওনা হয়েছে।
সুপ্রিম কোর্টের শুনানিতে সরকারের তরফ থেকে ৫০ হাজার রুপি করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। আদালত তাতেই সম্মতি দিয়েছে।
অনিরুদ্ধ সিং রাঠোর নামে দিল্লির ৬০ বছর বয়সী এক পোশাক ব্যবসায়ী সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তার স্ত্রীকে হারিয়েছেন। তিনি দিল্লি রাজ্য সরকারের কাছে সহায়তার ওই অর্থের জন্য আবেদন করলেও আদৌ তা মিলবে কি না, তা নিয়ে সন্দিহান।
তিনি বলেন, “সরকারের কাছ থেকে এ ধরনের ক্ষতিপূরণ আদায় করা খুব কঠিন কাজ। এরকম ঘোষণা দেওয়া সহজ, কিন্তু টাকা পাওয়া কঠিন।”
