ভবানীপুরে পদ রক্ষার ভোটে মমতার রেকর্ড ব্যবধানে জয়
দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচনে নিকটতম প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে সংশয় উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়।
রোববার গণনা শেষে দেখা যায়, মমতা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে ৫৮ হাজার ৮৩২ ভোট বেশি পেয়েছেন; এই ব্যবধান ২০১১ সালে মমতা যে ব্যবধানে জিতেছিলেন তার চেয়েও বেশি বলে আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে।
আগেও দুইবার ভবানীপুরের এই আসন থেকে জিতেছিলেন মমতা।
এ বছরের বিধানসভা নির্বাচনে আসনটি শোভনদেব চট্টপাধ্যায়কে ছেড়ে নিজে দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর সেখানে তিনি হেরে যান; হারেনও এক সময় তারই ডেপুটি শুভেন্দু অধিকারীর কাছে।
মমতা হারলেও তৃণমূলই সরকার গড়ে, মমতাকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীও বানায়।
ভারতের নিয়ম অনুযায়ী কেউ হেরে যাওয়ার পরও তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং দলের নির্বাচিত সদস্যরা যদি তাকে নেতা নির্বাচিত করেন, তাহলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই।
তবে ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী হলে তাকে ওই পদে বসার ১৮০ দিনের মধ্যে কোনো একটি আসন থেকে জিতে আসতে হবে। তা না পারলে ছেড়ে দিতে হবে পদ।
মমতাকে জিতিয়ে আনতে শোভনদেব পরে ভবানীপুরের আসন থেকে পদত্যাগ করে নেত্রীর জন্য পথ খুলে দিয়েছেন।
২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ শাসন করা মমতা যে বৃহস্পতিবার হওয়া উপনির্বাচনে সহজ জয় পাবেন তা অনুমিতই ছিল। সবার নজর ছিল ব্যবধান কত হয় সেদিকে।
উপনির্বাচনে এমনিতেই মানুষ ভোট দিতে যায় কম। সেজন্য ভোটারদের কেন্দ্রে নিতে জোর দিয়েছিল রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল।
ভোটের আগে নির্বাচনী প্রচারে মমতা বলেছিলেন, নিজের আসন থেকে নির্বাচিত হয়ে আসাটা তার ভাগ্যে ছিল।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গত ২৬ এপ্রিলের বিধানসভার ভোটে ভবানীপুরে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূল প্রার্থী শোভনদেব জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।
তিন লাখের বেশি ভোটারের এই আসনে বৃহস্পতিবারের উপনির্বাচনে ভোট পড়ে ৫৭ শতাংশের বেশি।
২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এ আসনেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তখন ভোট পড়েছিল ৪৫ শতাংশের কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে।
জয়ের পর মমতা বন্দোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার তাকে হারাতে নানান ষড়যন্ত্র করলেও পশ্চিমবাংলা দেখিয়ে দিয়েছে, তারা কী চায়।
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা উপনির্বাচনে হার স্বীকার করে বলেছেন, নির্বাচনে মমতা জিতলেও আমিই আজকের ‘ম্যান অব দ্য ম্যাচ’।
“মমতা বন্দোপাধ্যায়ের ঘাঁটিতে ২৫ হাজারের বেশি ভোট পেয়েছি। পরিশ্রম চালিয়ে যাবো,” বলেছেন তিনি।
