২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সপ্তাহে মিয়ানমারের মুদ্রার মান কমেছে ৬০%, অসহায় জান্তা

চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র চার সপ্তাহে মিয়ানমারের মুদ্রা কিয়াট ৬০ শতাংশের বেশি দর হারানোয় দেশটিতে খাবার ও জ্বালানির দাম হু হু করে বাড়ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2021, 05:50 PM

Updated : 07 Apr 2022, 11:41 PM

ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির অর্থনীতি টালমাটাল সময় পার করছে; কিয়াটের দরপতন এ সংকট আরও তীব্র করে তুলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

“এখন জেনারেলরা নড়াচড়া করতে বাধ্য হবে,” বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিশেষজ্ঞ রিচার্ড হরসে।

রয়টার্স লিখেছে, মিয়ানমারে ডলারের ঘাটতি এখন এতটাই প্রকট যে অনেক মানি এক্সচেঞ্জার তাদের দোকানের শাটার বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

“এই মুহুর্তে মুদ্রা মূল্যে অস্থিতিশীলতার কারণে নর্দার্ন ব্রিজ এক্সচেঞ্জ সার্ভিসের সব শাখা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষিত হল,” ফেইসবুকে এমনটাই বলেছে একটি প্রতিষ্ঠান।

যাদের দোকান এখনও চালু তারা মঙ্গলবার এক ডলারের বিপরীতে চাইছিল দুই হাজার ৭০০ কিয়াট করে, সেপ্টেম্বরের ১ তারিখেও এটি ছিল প্রতি ডলারে এক হাজার ৬৯৫ কিয়াট; আর ১ ফেব্রুয়ারি, যেদিন অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করেছিল, সেদিন ছিল এক হাজার ৩৯৫ কিয়াট।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংক চলতি বছর মিয়ানমারের অর্থনীতি ১৮ শতাংশ সংকুচিত হতে পরে বলে ধারণা দিয়েছে। এর পেছনে মহামারীও অনেক অংশে দায়ী, বলেছে তারা।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে আশপাশের দেশগুলোর তুলনায় মিয়ানমারে কর্মসংস্থান আরও সংকুচিত হবে এবং দেশটিতে দরিদ্রের সংখ্যা বাড়বে বলেও ধারণা দেওয়া হয়েছে।

অর্থনীতির এই ভয়াবহ অবস্থার মধ্যেও দেশটিতে সংঘাত-রক্তপাত বন্ধ হয়নি। কোথাও কোথাও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে।

“রাজনৈতিক পরিস্থিতি যত খারাপ হবে, মুদ্রার মানও তত কমবে,” বলেছেন মিয়ানমার ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন নির্বাহী।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিকে এখন জুন থেকে চলমান করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউও মোকাবেলা করতে হচ্ছে। স্বাস্থ্যসেবা কর্মীদের অনেকে জান্তাবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় রোগীর ঊর্ধ্বগতি সামলাতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হয়েছে।

সাম্প্রতিক সময়ে সরকারি হিসেবে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা খানিকটা কম দেখা গেলেও সংক্রমণ পরিস্থিতির সত্যিকারের অবস্থা কেমন, তা এখনও অস্পষ্ট।

মিয়ানমারের কর্তৃপক্ষ অনেক এলাকায় ঘরে থাকার নির্দেশ প্রত্যাহার করে নিলেও কিছু কিছু এলাকায় এ নির্দেশ এখনও বলবৎ আছে।  

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর দেশটির অনেককে ব্যাংক থেকে অর্থ তুলতে লাইনে দাঁড়াতে হয়েছিল, কেউ কেউ স্বর্ণও কিনেছিলেন।

আর এখন অনেকে মরিয়া হয়ে তাদের কাছে থাকা স্বর্ণ বিক্রি করে দিতে চাইছেন বলে জানিয়েছেন ইয়াংগনের এক জুয়েলারি ব্যবসায়ী।

অর্থনৈতিক সংকটের কারণে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও ব্যাপক বেড়ে গেছে।

মিয়ানমারে এখন ৪৮ কেজির চালের বস্তা কিনতে লাগছে ৪৮ হাজার কিয়াট, যা অভ্যুত্থানের আগের তুলনায় ৪০ শতাংশ বেশি। জ্বালানির মূল্য দ্বিগুণের কাছাকাছি হয়ে প্রতি লিটারে এক হাজার ৪৪৫ কিয়াটে পৌঁছেছে।

কেবল ভোক্তারাই নন, বিপদে পড়েছেন ব্যবসায়ীরাও, বিশেষ করে যাদেরকে কাঁচামাল আমদানি করতে হয়। 

ইয়াংগনের এক প্লাস্টিক ব্যাগ প্রস্তুতকারক জানিয়েছেন, তাকে বাধ্য হয়ে পণ্যের দাম বাড়াতে হয়েছে, বিক্রি কমে গেছে প্রায় ৩০ শতাংশ।

গত বছর মিয়ানমারের মাথাপিছু মোট জাতীয় উৎপাদন ছিল এক হাজার ৪০০ ডলার। এরপর অভ্যুত্থান, জান্তাবিরোধী আন্দোলন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং অর্থনীতির ভয়াবহ সংকট।

পরিস্থিতির মোকাবেলায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক নানান পদক্ষেপ নিলেও তাতে সুফল মিলছে না। তাদের বিদেশি মুদ্রার রিজার্ভও হ্রাস পেয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ইয়াংগনের বাসিন্দা জ বলছেন, মিয়ানমার কোনদিকে অগ্রসর হচ্ছে তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই তার।

“মানুষ আরও গরিব হবে,” ভবিষ্যদ্বাণী নামের একাংশ ব্যবহারের অনুমতি দেওয়া এ মিয়ানমারের নাগরিকের।