২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্নড় ‘ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা’, ক্ষমা চাইল গুগল

কন্নড়কে ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা হিসেবে দেখানোয় টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্ণাটক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2021, 05:11 PM

Updated : 07 Apr 2022, 11:11 PM

বৃহস্পতিবার সার্চ ইঞ্জিনটিতে ‘ভারতের কুৎসিততম ভাষা’ কিওয়ার্ডের বিপরীতে সবার ওপরে কর্ণাটকের দাপ্তরিক ভাষা কন্নড়কে দেখাচ্ছিল।

এর পরপরই ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ‘কন্নড ভাষার এমন অপমানে’ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখান।

কর্ণাটকের মন্ত্রী অরবিন্দ লিম্বাভলি টুইটে গুগলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সার্চ ইঞ্জিনটির ফলাফল কন্নড় ভাষাভাষীদের অপমান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

“কন্নড় ভাষার নিজস্ব ইতিহাস আছে। আড়াই হাজার বছরের বেশি সময় ধরে এটি টিকে আছে; এই পুরো সময় ধরে এটি কন্নড় ভাষাভাষীদের অহংকার হয়ে আছে,” গুগলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লেখেন লিম্বাভলি।

একই আহ্বান আসে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর কাছ থেকেও।

“কেবল কন্নড়েই নয়, কোনো ভাষাই কুৎসিত হতে পারে না। ভাষার এ ধরনের অপমান বেদনাদায়ক। যে কোনো ভাষার প্রতি এ ধরনের বিদ্বেষে লাগাম টানা কি গুগলের জন্য অসম্ভব?,” টুইটে জানতে চান তিনি। 

ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবারই এক বিবৃতিতে গুগল পুরো বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ অ্যাখ্যা দেয় এবং ‘অনুভূতিতে আঘাত দেওয়ায়’ ক্ষমা প্রার্থনা করে। 

টুইটারে দেওয়া বিবৃতিতে টেক জায়ান্টটি জানায়, তাদের সার্চ ইঞ্জিনের ফলাফল সবসময় নিখুঁত থাকেনা; কখনো কখনো কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখায় ‘আজব আজব ফলাফল’।

“আমরা জানি এটি ঠিক নয়; এজন্যই যখন এ ধরনের কোনো বিষয়ের কথা জানতে পারি, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিই। আমরা আমাদের অ্যালগরিদমের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

“এ ধরনের ফলাফলে গুগলের মত প্রতিফলিত হয় না। ভুল বোঝাবুঝি ও যদি কারও অনুভূতিতে আঘাত লাগে, তার জন্য ক্ষমা চাইছি আমরা,” বিবৃতিতে বলে গুগল।