কোভিড-১৯: ভারতে মৃত্যুর সংখ্যা ৩ হাজারের নিচে নামল
করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে দৈনিক শনাক্তের সংখ্যা দেড় লাখের আর মৃত্যু তিন হাজারের নিচে নেমেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ২৭ হাজার ৫১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ২৯৭৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এপ্রিলের প্রথমদিক থেকে শুরু হয়েছিল। তখন থেকে সংক্রমণের যে ঊর্দ্ধগতি দেখা দিয়েছিল তা বাড়তে বাড়তে মে মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি শনাক্তের মধ্য দিয়ে বিশ্বরেকর্ড করেছিল দেশটি। তারপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবার ৯ এপ্রিলের পর একদিনে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে।
এখন করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে দেখছে দেশটি।
দেশটির্ পজিটিভিটির হার এক সপ্তাহেরও বেশি সময় ধরে ১০ শতাংশের নিচে আছে আর মঙ্গলবার সকালে তা ছয় দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮১ লাখ ৭৫ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা তিন লাখ ৩১ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত মোট রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত আর মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে।
এদিন দেশটির তামিলনাডু রাজ্যে সবচেয়ে বেশি ২৭ হাজার ৯৩৬ জন রোগী শনাক্ত হয়েছে।
অপরদিকে সংক্রমণ কমে আসায় রাজস্থান, উত্তর প্রদেশসহ আরও বেশ কয়েকটি রাজ্য আরোপিত করোনাভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করেছে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও করোনাভাইরাসের নতুন ধরনগুলোর নাম নিয়ে জটিলতার নিরসনে গ্রিক বর্ণমালার শরণ নিয়ে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরনটির নাম ‘আলফা’ এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম ‘বেটা’রেখেছে আর প্রথম ভারতে শনাক্ত হওয়া ধরন বি.১.৬১৭ কে ‘ডেল্টা’ নামকরণ করেছে।
করোনাভাইরাসের নতুন নতুন ধরন নিয়ে আলোচনা সহজ করার জন্যই তাদের এ নতুন পদ্ধতির প্রবর্তন বলে জানিয়েছে ডব্লিউএইচও।
ভারতে পাওয়া করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটিকে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ বলা নিয়ে এ মাসের শুরুতেই আপত্তি জানিয়েছিল দেশটির সরকার।
করোনাভাইরাসের এসব পরিবর্তিত (মিউট্যান্ট) ধরন চীনের উহানে শনাক্ত হওয়া মূল ধরনের চেয়ে আরও বেশি সংক্রামক ও আরও প্রাণঘাতী হওয়ায় বিশ্বব্যাপী প্রবল উদ্বেগ তৈরি করা এ মহামারী মোকাবেলা আরও কঠিন হয়ে পড়েছে।
