কোভিড-১৯: ৫০ দিনের মধ্যে ভারতে সর্বনিম্ন দৈনিক শনাক্ত
করোনাভাইরাস মহামারীতে পর্যদুস্ত ভারতে নতুন সংক্রমণ হ্রাসের ধারা অব্যাহত আছে, এবার গত ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ৫২ হাজার ৭৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ৩১২৮ জনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জনে। বিশ্বে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় স্থানে আছে।
কোভিড-১৯ এ মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মৃত্যু তিন লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে।
চলতি মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড করেছিল দেশটি; অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল আর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছিল।
গত দুই সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ ক্রমাগত হ্রাস পেয়েছে। শুক্রবার থেকে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে আছে।
ভারতের তাদের টিকা কর্মসূচীতে ইতোমধ্যে ২১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। জুনের মধ্যে আরও ১২ কোটি ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
দেশটির কোভিড-১৯ রোগী নির্ণয়ে পরীক্ষার সক্ষমতাও বেড়েছে বলে জানিয়েছে তারা। এ পর্যন্ত দেশটিতে ৩৪ কোটি ৪৮ লাখ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সোমবার বিশ্বজুড়ে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে আর এ পর্যন্ত ৩৫ লাখ ৪১ হাজার ২৮৮ জনের মৃত্যু হয়েছে।
