২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে এভাবে অপমান করবেন না: মোদীকে মমতা

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি বিষয়ক একটি পর্যালোচনা বৈঠক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মধ্যে তিক্ততা সৃষ্টি হওয়ার একদিন পর মোদীকে একহাত নিয়েছেন মমতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 10:04 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শ্রেণির সংবাদ মাধ্যমকে তার বিরুদ্ধে ‘ভুয়া, একতরফা ও পক্ষপাতদুষ্ট খবর খাওয়ানো’ হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা।

শনিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘‘আমাকে এভাবে অপমান করবেন না। আমরা বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছি, আপনি সবরকমভাবে চেষ্টা করেও হেরে গেছেন, এ কারণেই কী আপনি এমন আচরণ করছেন? কেন প্রতিদিন আমাদের সঙ্গে ঝগড়া করছেন?”

পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের দিল্লিতে বদলির নির্দেশ দেওয়ার ঘটনা ও ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে রাজ্যটিতে প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক মুখ্যমন্ত্রী মমতার ‘এড়িয়ে গেছেন’, কেন্দ্রীয় সরকারের কয়েকটি সূত্র গণমাধ্যমে এমন অভিযোগ করার পর মমতা এসব কথা বলেছেন, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি বিমান ঘাঁটিতে মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকের সময় মমতার হেলিকপ্টার সেখানে নামে ও মুখ্যমন্ত্রী মাত্র ১৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বৈঠকে না থেকে চলে যান। 

এর জবাবে মমতা জানান, আগে থেকেই উপকূলের ক্ষতিগ্রস্ত একটি জেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল তার, তাই প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই সেদিকে রওনা হন তিনি।

তিনি বলেন, “ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করার পরিকল্পনা করেছিলাম আমি। ঘূর্ণিঝড় ইয়াসে কারণে হওয়া ক্ষয়ক্ষতি দেখতে সাগর ও দিঘায় যেতে হতো আমাকে। যখন আমার সব পরিকল্পনা পাকা করে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তখন হঠাৎ করে পাওয়া একটি কলে আমরা জানাতে পারি, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী বাংলায় আসতে চান।”

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই মোদী ওই বৈঠকটির ডাক দিয়েছিলেন এবং বৈঠকে পরিকল্পিতভাবে তার দল বিজেপির নেতাদেরসহ পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়কেও রেখেছিলেন বলে অভিযোগ করেন মমতা।

তিনি মোদী ও ধনখড়কে আধ ঘণ্টা বসিয়ে রেখেছিলেন, কেন্দ্রীয় সরকারের এমন দাবির পাল্টায় মমতা বলেন, তাকেই বরং প্রধানমন্ত্রীর জন্য বিমানঘাঁটির রানওয়েতে ২০ মিনিট ধরে অপেক্ষায় থাকতে হয়েছিল।

“যেখানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা সেখানে গিয়ে দেখি প্রধানমন্ত্রী কিছু সময় আগেই চলে এসেছেন এবং বৈঠকে শুরু করে দিয়েছেন। আমাদের বাইরে অপেক্ষায় থাকতে বলে জানানো হয়, বৈঠক চলতে থাকায় ওই মূহুর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরে আবার যখন জিজ্ঞেস করি তখন বলা হয়, পরবর্তী এক ঘণ্টার মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। 

“তখন কেউ একজন বললো, বৈঠক কনফারেন্স হলে সরিয়ে নেওয়া হয়েছে, তখন মুখ্যসচিব ও আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই। সেখানে গিয়ে দেখি প্রধানমন্ত্রী মাননীয় গর্ভনর, কেন্দ্রীয় নেতা ও এমনকী পশ্চিমবঙ্গের কিছু বিরোধীদলীয় বিধায়ককে নিয়ে বৈঠক করছেন।

“ব্রিফ যা করা হয়েছিল এটি পুরোপুরি তার বিপরীত ছিল। বৈঠক হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে। তাই আমরা আমাদের প্রতিবেদন প্রধানমন্ত্রীকে দিয়ে তার অনুমতি নিয়ে দিঘায় চলে যাই। প্রধানমন্ত্রীর অনুমতি নিতে তিনবার বলতে হয়েছিল আমাকে।”