২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যালোপ্যাথি ইজ স্টুপিড’ ভিডিও নিয়ে তোপের মুখে রামদেব

কোভিড-১৯ সংকটে করোনাভাইরাসের চেয়ে বেশি মানুষ আধুনিক চিকিৎসা পদ্ধতির কারণে মারা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ভারতের সুপরিচিত যোগগুরু রামদেব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2021, 01:40 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

ওই মন্তব্য প্রত্যাহার এবং লিখিত ক্ষমা প্রার্থনা চেয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) রামদেবকে একটি আইনি নোটিস পাঠিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় চিকিৎসকদের শীর্ষ এ সংগঠনটি বলছে, রামদেব এমন এক সময়ে আধুনিক চিকিৎসা ও অ্যালোপ্যাথির চর্চা করা চিকিৎসকদের মর্যাদাহানি করেছেন যখন তারা মহামারীতে মানুষের প্রাণ বাঁচাতে মরণপণ লড়ছেন।

যে ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, তাতে ‘পতঞ্জলি আয়ুর্বেদের’ প্রতিষ্ঠাতাকে বলতে শোনা যায়, “অ্যালোপ্যাথি ওষুধের কারণে লাখ লাখ মানুষ মারা গেছেন, এই সংখ্যা যারা অক্সিজেন বা চিকিৎসা না পেয়ে মারা গেছেন, তাদের চেয়ে বেশি।”

ভিডিওতে তাকে অ্যালোপ্যাথিকে ‘স্টুপিড ও দেউলিয়া বিজ্ঞান’ অ্যাখ্যা দিতেও দেখা যায়। ভিডিওটির সত্যতা তারা যাচাই করতে পারেনি বলে জানিযেছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর রামদেবের ‘পতঞ্জলি গ্রুপ’ ভিডিওটি ‘সম্পাদিত’ বলে অভিযোগ করে।

“এটা উল্লেখ করা জরুরি যে ওই অনুষ্ঠানটি ছিল একটি ব্যক্তিগত অনুষ্ঠান। স্বামীজি (রামদেব) ওই অনুষ্ঠানে তাকে ও অনুষ্ঠানটিতে অংশ নেওয়া অন্যদের কাছে আসা হোয়াটসঅ্যাপ বার্তা পড়ে শোনাচ্ছিলেন। তাকে যে জন্য দায়ী করা হচ্ছে তা মিথ্যা ও নিরর্থক,” বলেছে তারা।

উত্তরাখণ্ডের হরিদ্বারভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, আয়ুর্বেদিক পণ্যের উৎপাদক, গেরুয়া বসনধারী ৫৫ বছর বয়সী রামদেবের ‘আধুনিক বিজ্ঞান ও আধুনিক চিকিৎসা পদ্ধতির চর্চাকারী ভালো চিকিৎসকদের সঙ্গে কোনো বৈরিতা নেই’।

“রামদেব অ্যালোপ্যাথিকে প্রগতিশীল বিজ্ঞান মনে করেন। এখনকার মতো কঠিন সময়ে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ ও যোগ- এ তিনের সমাহারে সবাই উপকৃত হবে বলেও তার বিশ্বাস,” বলেছে তারা।

সাড়ে তিন লাখ চিকিৎসকের প্রতিনিধিত্বকারী আইএমএ ছাড়াও রামদেবকে ওই মন্তব্যের জন্য আইনি নোটিস পাঠিয়েছে ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ) ।

‘সস্তা প্রচারণার জন্য রামদেবের ভিত্তিহীন ও অনৈতিক দাবির’ নিন্দাও জানিয়েছে তারা।

নোটিস পাঠানোর আগে আইএমএ গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, জ্ঞানহীন কথাবার্তা ও বিজ্ঞানভিত্তিক ওষুধকে অপমান করে মানুষকে বিভ্রান্ত করায় ‘এপিডেমিক ডিজিজ অ্যাক্টের’ আওতায় রামদেবের বিচার হওয়া উচিত এবং এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত।

নিজের ‘বিস্ময় ওষুধ’ উন্মোচন করার দিন রামদেব স্বাস্থ্যমন্ত্রীর সামনেই চিকিৎসকদেন ‘খুনি’ বলে অভিহিত করেছিলেন বলেও দাবি আইএমএ-র। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন নিজেও একজন চিকিৎসক।

মহামারীর মধ্যে নানান উদ্ভট কর্মকাণ্ড করে রামদেব এর আগেও সমালোচনার মুখে পড়েছেন।

হর্ষ বর্ধন ও মন্ত্রিসভায় তার সহকর্মী নিতিন গড়করিকে পাশে নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের ঘনিষ্ঠ এ যোগগুরু চলতি বছরের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে তার ভাষায় ‘কোভিড-১৯ চিকিৎসায় তথ্যপ্রমাণভিত্তিক প্রথম ওষুধ’ বাজারে আনার ঘোষণাও দিয়েছিলেন।

রামদেবের দাবি ছিল, তার ওষুধ ‘করোনিল’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেয়েছে। এর প্রতিক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ব্যাখ্যায় জানায়, তারা কোভিড-১৯ এর চিকিৎসায় প্রচলিত কোনো ওষুধের কার্যকারিতার প্রমাণ পায়নি, পর্যালোচনাও করে দেখেনি।

রামদেবের ‘অ্যালোপ্যাথি ইজ স্টুপিড’ ভিডিও অনলাইনে ট্রেন্ড হওয়ার দিনই আইএমএ ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অন্তত ৪২০ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল। এ নিয়ে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত কোভিড-১৯ দেশটির এক হাজার ২০০র বেশি চিকিৎসকের প্রাণ কেড়ে নিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।