কোভিড-১৯: ভারতের উত্তর প্রদেশের এক মন্ত্রীর মৃত্যু
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের করোনাভাইরাস আক্রান্ত একজন মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজ্যটির রাজস্ব ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী বিজয় কশ্যপ (৫৬) মঙ্গলবার গুরগাওয়ের মেদন্ত হাসপাতালে মারা যান বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
এই নিয়ে উত্তর প্রদেশের বিজেপি দলীয় তিন জন মন্ত্রী কোভিড-১৯ এ ভূগে মারা গেলেন। গত বছর মহামারীতে রাজ্যটির আরও দুই মন্ত্রীর মৃত্যু হয়।
এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতজুড়ে করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিজেপি দলীয় পাঁচ জন বিধায়কের মৃত্যু হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
মন্ত্রী কশ্যপের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপি দলীয় নেতারা শোক প্রকাশ করেছেন।
