করোনাভাইরাস: যুক্তরাজ্যের প্রথম চিকিৎসা সহায়তা ভারতে
করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রথম আন্তর্জাতিক সহায়তা হিসেবে ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের চিকিৎসা ত্রাণ।
মঙ্গলবার যুক্তরাজ্য থেকে ভেন্টিলেটর ও অক্সিজেন সামগ্রী নিয়ে একটি বিমান দিল্লিতে হাজির হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
ভারতে টানা ছয় দিন ধরে তিন লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। পরপর পাঁচ দিন রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড করেছে দেশটি। সংক্রমণ পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
শয্যা ও তীব্র অক্সিজেন সংকটের মধ্যে উপচে পড়া রোগীদের ভিড় এড়াতে হাসপাতালগুলো ‘ভর্তি নিতে পারবে না’ বলে জানিয়ে বাইরে নোটিশ টাঙিয়ে দিয়েছে। অক্সিজেন সরবরাহের ঘাটতির কারণে ইতোমধ্যেই বহু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোর বাইরে রাস্তায় বহু রোগী অপেক্ষার প্রহর গুনছেন।
মঙ্গলবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ২৩ হাজারেরও বেশি রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। এতে দেশটিতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে।
ওই একই সময় ২৭৭১ জন রোগীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যায় এক লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিও সহায়তা হিসেবে অতি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে।
যুক্তরাজ্যের পাঠানো ভেন্টিলেটর ও তরল অক্সিজেন দিল্লি বিমানবন্দর থেকে খালাস করা শুরু হয়েছে। এসব সামগ্রী হাসপাতালগুলোর সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আন্তর্জাতিক সহযোগিতা কাজ করতে শুরু করেছে।”
কিন্তু সংকট কাটিয়ে উঠতে এ ধরনের আরও প্রচুর সরবরাহ প্রয়োজন বলে মন্তব্য করেছে তিনি।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তারা বিশ্বের বিভিন্ন দেশে ছয় কোটি অ্যাস্ট্রাজেনেকার করোনভাইরাস টিকার ডোজ পাঠাবেন। কোন কোন দেশে টিকার এসব ডোজ পাঠানো হবে তা জানানো না হলেও এর একটি উল্লেখযোগ্য অংশ ভারত পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, ভারতের মহামারী পরিস্থিতি সামাল দিতে তারা তাদের পক্ষে যা যা করা সম্ভব সবকিছু করার চেষ্টা করছেন।
ফ্রান্স ভারতে অক্সিজেন উৎপাদনের ইউনিটসহ অক্সিজেন কন্টেইনার ও রেস্পিরেটর পাঠাচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে ভারত নিজেও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দেশটির প্রথম ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন ৭০ টন গ্যাস নিয়ে দিল্লিতে পৌঁছেছে। এই বিশেষ ট্রেনে করে অক্সিজেন বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসব পদক্ষেপের পরও ভারতের বিভিন্ন শহর থেকে আসা ছবিতে রোগীদের হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে, খোলা আকাশের নিচে বিছানাপত্র বিছিয়ে শুয়ে থাকতে দেখা গেছে।
